২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভির প্রকাশনায় ‘সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত যাত্রা’

এই প্রকাশনায় রয়েছে মোট ১০০টি পর্ব। কিউআর কোড স্ক্যান করে দেখা যাবে ভিডিও।

বিটিভির প্রকাশনায় ‘সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত যাত্রা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত যাত্রা’ পুস্তকটি তুলে দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 05:13 PM

Updated : 27 Dec 2022, 05:13 PM

বাংলাদেশ টেলিভিশনের বার্তা বিভাগের প্রযোজনায় নির্মিত ‘সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত যাত্রা’ অনুষ্ঠানের ধারাবাহিক পর্বগুলো বই আকারে প্রকাশিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ নেয় বিটিভি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, মুদ্রিত সংস্করণের প্রতিটি পর্বের সঙ্গে আছে একটি করে কিউআর কোড, যেটা স্ক্যান করা মাত্রই ফেইসবুকের মাধ্যমে পর্বগুলোর ভিডিও দেখা যাবে। এই ধারাবাহিকগুলো থেকে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে অনেক কিছু জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই প্রকাশনায় রয়েছে মোট ১০০টি পর্ব। বিটিভির প্রকাশনায় এটি গবেষণা ও সম্পাদনা করেছেন উপ মহাপরিচালক (বার্তা) অনুপ খাস্তগীর।

বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভ, বিশিষ্টজনের সাক্ষাৎকার ও ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর হাতে ‘সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত যাত্রা’ বইটি তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়মন্ত্রী হাছান মাহমুদ।

Image

এই প্রকাশনায় রয়েছে মোট ১০০টি পর্ব

এ সময় সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। একইসঙ্গে মুজিব শতবর্ষ উপলক্ষে শেখ মুজিবকে নিয়ে বিটিভির শত গানের সংকলনের সিডিও উপহার দেন প্রধানমন্ত্রীকে।

বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন বলেন, "বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধুকে জানার বিকল্প নেই। টিভি প্রামাণ্য সিরিজের পাশাপাশি পুস্তক সংস্করণ প্রকাশিত হওয়ায় এই মূল্যবান ধারাবাহিকগুলো আরো সহজভাবে পাঠকের কাছে পৌঁছে যাবে। ধারাবাহিকগুলোর মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে আরো গভীরভাবে চেনার ও জানার সুযোগ পাবে।“

মহাপরিচালক আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে যারা গবেষণা করতে ইচ্ছুক তাদের জন্য এই পুস্তকটি নতুন আগ্রহ সৃষ্টি করবে। ধারাবাহিকগুলো নির্মাণে রাজনীতিবিদ, লেখক, বুদ্ধিজীবী ও বঙ্গবন্ধুর সহকর্মীসহ অনেকেই তথ্য ও উপাত্ত দিয়ে এবং পান্ডুলিপি লিখে সহায়তা করেছেন। তাদের সবার কাছে বিটিভি কৃতজ্ঞ বলেও জানান তিনি।