করণের জন্য ‘গুলি খেতেও’ দাঁড়িয়েছিলেন শাহরুখ
“বন্ধুত্ব আমাদের চিরকালের, তা থাকবেই,“ বলছেন করণ জোহর।
বলিউডে শাহরুখ খান আর করণ জোহরের বন্ধুত্বের কথা সবার জানা; তবে তা কতটা গাঢ়, সেটা প্রকাশ পেল করণের আত্মজীবনীতে।
‘গ্যাংস্টার’ আবু সালেম যখন করণকে হত্যার হুমকি দিয়েছিলেন, তখন শাহরুখ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন।
করণ তার আত্মজীবনী ‘আ্যান আনস্যুটেবল বয়’ বইয়ে ঘটনাটির কথা স্মরণ করেছেন বলে বলিউড লাইফের এক প্রতিবেদনে বলা হয়েছে।
মুম্বাইয়ের ‘ডন’ দাউদ ইব্রামিমের শিষ্য আবু সালেম ২০১৫ সালে পর্তুগালে গ্রেপ্তার হন। তার আগে প্রযোজক গুলশান কুমারকে হত্যাসহ হুমকি-ধমকিতে বলিউডকে টটস্থ রেখেছিলেন সালেম।
করণ তার আত্নজীবনীতে বলেছেন, ‘কুচ কুচ হোতা হ্যায়’ মুক্তি আটকাতে চাইছিলেন আবু সালেম। সালেম চাইছিলেন না শুক্রবার সিনেমাটি মুক্তি পাক।
ওই সময় নিজের পরিচয় না দিয়ে এক ব্যক্তি করণের মা হিরু জোহরকে ফোনে বলেছিলেন, ”একটি লাল টি-শার্ট পরে আছে আপনার ছেলে। চোখের সামনে আমি তাকে দেখতে পাচ্ছি। শুক্রবার কুচ কুচ হোতা হ্যায় মুক্তি দিলে তাকে আমরা গুলি করব।”
ঘটনাটি করণের মা ওই সিনেমায় নায়ক শাহরুখকেও জানান।
সিনেমার প্রিমিয়ার শো’র দিন শাহরুখের সঙ্গে পরিচালক করণকে নিরাপত্তার স্বার্থে একটি ছোট্ট ঘরে একসঙ্গে রাখে পুলিশ।
কিন্তু ওই ঘর থেকে করণকে টানতে টানতে বাইরে এনে শাহরুখ অভয় দিয়ে বলেছিলে- “কী বাজে কথা! আমি এখানে করণের সামনে দাঁড়িয়ে আছি। দেখি কে ওকে গুলি করে? আমি গুলির সামনে দাঁড়িয়ে থাকব। কিছুই হবে না। ও আমার ভাইয়ের মতো। ওর কিছু হতে দেব না।”
সেই সঙ্গে করণের মাকেও আশ্বাস দিয়েছিলেন, প্রয়োজনে তিনি গুলি খাবেন কিন্তু করণের কিছুই হতে দেবেন না।
তখন পুলিশের কাছে অভিযোগ করলে করণের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। মুম্বাই পুলিশের নিরাপত্তায় যথাসময়ে সিনেমাটির প্রিমিয়ার শো হয় এবং হলে বড় পর্দাতেও মুক্তি পায়।
আত্মজীবনে শাহরুখ প্রসঙ্গে করণ লিখেছেন, মোটমাট ৬টি সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন। শুরু করেছেন, কিন্তু শেষ করে উঠতে পারেননি, এমন কিছু কাজও রয়েছে তাদের।
দীর্ঘ চলার পথে সম্পর্ক কখনও এক ছন্দে চলতে পারে না মন্তব্য করে করণ বলেছেন, “আমাদের সম্পর্কেও কখনও কখনও দূরত্ব এসেছে, আবার মিশেও গেছে। কিন্তু বন্ধুত্ব আমাদের চিরকালের। তা থাকবেই।“
