চুমুর দৃশ্য নিয়ে আরবে বিপাকে নেটফ্লিক্স
‘ইসলামিক এবং সামাজিক মূল্যবোধ ও রীতি-নীতি’বিরোধী সব কন্টেন্ট সরিয়ে নিতে নেটফ্লিক্সকে বলেছে উপসাগরীয় আরব দেশগুলো।
‘জুরাসিক ওয়ার্ল্ড : ক্যাম্প ক্রিয়েচার্স’ সিনেমার একটি দৃশ্য নিয়ে আরব বিশ্বে বিপাকে পড়েছে নেটফ্লিক্স। দুই কিশোরীর চুমুর ওই দৃশ্য দেখার পর এই স্ট্রিমিং সেবার কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
বিবিসি মঙ্গলবার জানিয়েছে, নেটফ্লিক্সকে তাদের প্ল্যাটফর্ম থেকে ‘ইসলামিক এবং সামাজিক মূল্যবোধ ও রীতি-নীতি’বিরোধী সব কন্টেন্ট সরিয়ে নিতে বলেছে উপসাগরীয় আরব দেশগুলো।
সৌদি আরবের সংবাদ মাধ্যমের বরাতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর জোট গালফ কোঅপারেশন কাউন্সিলের এবং সৌদি আরবের গণমাধ্যম নজরদারি সংস্থা এক বিবৃতিতে নেটফ্লিক্সকে সতর্ক করেছে।
সৌদি জেনারেল কমিশন ফর অডিওভিজুয়াল মিডিয়া এবং জিসিসি কমিটি অব ইলেকট্রনিক মিডিয়া অফিশিয়ালসের যৌথ বিবৃতিতে বলা হয়, “এ ধরনের কনটেন্ট, যার মধ্যে শিশুদের জন্য নির্ধারিত কনটেন্টও রয়েছে, সরিয়ে নিতে এবং আইনের সঙ্গে সঙ্গতি বজায় রাখতে [নেটফ্লিক্সকে] বলা হয়েছে।”
বিবৃতিতে সতর্ক করা হয়েছে, এই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে কি না, কর্তৃপক্ষ তা পর্যবেক্ষণ করবে এবং এমন কনটেন্টের সম্প্রচার অব্যাহত রাখা হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নেটফ্লিক্সের সাম্প্রতিক কনটেন্টগুলো, যেগুলোর মধ্যে শিশুদের জন্য নির্মিত কনটেন্টও রয়েছে, ওইসব আরব দেশগুলোর আইন ও সামাজিক মূল্যবোধের বিরোধী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
কনটেন্টের বিষয়ে এর বেশি বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। তবে তবে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে এ নিয়ে প্রচারিত সংবাদ প্রতিবেদনে ‘জুরাসিক ওয়ার্ল্ড : ক্যাম্প ক্রিয়েচার্স’ সিনেমার চুমুর ওই দৃশ্য ‘ব্লার’ বা ঘোলা করে প্রচার করা হয়।
আল এখবারিয়া টেলিভিশনের সংবাদে ফরাসি সিনেমা ‘কিউটিস’ এর দৃশ্য ব্যবহার করা হয় এবং ক্যাপশনে উল্লেখ করা হয়, নেটফ্লিক্স ‘অনৈতিক বার্তা দিচ্ছে, যা শিশুর স্বাভাবিক বেড়ে ওঠাকে হুমকিতে ফেলছে’।
আল এখবারিয়ার ওয়েবসাইটে একই বিষয়ে প্রচারিত সংবাদ প্রতিবেদনে নেটফ্লিক্সের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, এই স্ট্রিমিং সেবা ‘বিশেষভাবে সমকামীদের উপর মনোযোগ দিয়ে সমকামিতার প্রচার করছে’।
ওই টেলিভিশন চ্যানেলে বেশ কয়েকজন ‘পরিচিত মুখের’ সাক্ষাৎকারও প্রচার করা হয়েছে যারা একই ধরনের অভিযোগ পুনরাবৃত্তি করেছেন এবং এ ব্যপারে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এসব অভিযোগের বিষয়ে অবশ্য নেটফ্লিক্সের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সৌদি আরবে বিয়ে বহির্ভূত যৌনাচার, সমকামিতা কঠোরভাবে নিষিদ্ধ। সেদেশে আইনে এমন ঘটনায় শাস্তি বেত্রাঘাত থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত।
ডিজনি তাদের ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ সিনেমা থেকে ‘এলজিবিটিকিউ সম্পর্কিত অনুসঙ্গ’ বাদ দেওয়ার বিষয়ে সৌদি সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করায় এপ্রিলে সৌদি আরবে সিনেমাটি প্রদর্শন করা হয়নি।
এরপর জুনে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে অ্যানিমেশন সিনেমা ‘লাইটইয়ার’র প্রদর্শনও নিষিদ্ধ করা হয়, কারণ সিনেমাটিতে সমকামী চুমুর একটি দৃশ্য রয়েছে।
