১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মা হলেন বিপাশা বসু

বিয়ের ছয় বছর পর সন্তান এল এই বলিউড তারকার কোলে।

মা হলেন বিপাশা বসু

স্বামী করন সিং গ্রোভারের সঙ্গে বিপাশা বসু।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2022, 04:07 PM

Updated : 12 Nov 2022, 04:06 PM

বলিউডে মা হওয়ার মিছিলে যুক্ত হলেন বিপাশা বসু।

বাঙালি এ অভিনেত্রীর মেয়ে হয়েছে বলে খবর এসেছে ভারতের সংবাদ মাধ্যমে।

আলিয়া ভাট মা হওয়ার এক সপ্তাহের মধ্যে বিপাশার খবর এল। বিয়ের ছয় মাস পর মা হয়েছিলেন আলিয়া, বিপাশা হলেন তার বিয়ের ছয় বছর পর।

ইন্ডিয়া টুডেসহ বিভিন্ন সংবাদ মাধ্যম শনিবার বিপাশা বসুর মেয়ে হওয়ার খবর জানালেও কখন, কোন হাসপাতলে বিপাশার সন্তানের জন্ম হয়েছে, তা জানায়নি।

৪৩ বছর বয়সী এই অভিনেত্রী গত অগাস্টে ইনস্টাগ্রামে স্বামী করন সিং গ্রোভারের সঙ্গে একটি ছবি দিয়ে লিখেছিলেন, নতুন সময় আসছে।

ওই ছবিতেই স্পষ্ট হয় বিপাশা সন্তানসম্ভবা।

Image

এই ছবিতে বিপাশা বসু জানান দেন যে তিনি মা হচ্ছেন

সেপ্টেম্বরে শুরুতে ঘটা করে হয় বিপাশার সাত মাসের ‘সাধ’ অনুষ্ঠানও। মা ও শাশুড়ির আয়োজনে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী করনও।

কয়েকদিন আগে ইনস্টাগ্রামে আরেকটি ছবি পোস্ট করেছিলেন তিনি, যাতে বোঝা যাচ্ছিল, তার সন্তান পৃথিবীতে আসার সময় ঘনিয়ে এসেছে।

২০০১ সালে আজনবি সিনেমা দিয়ে বলিউডে অভিষিক্ত বিপাশা পরে অনেক হিট ছবি দিয়ে দর্শকদের মন কাড়েন।

২০১৫ সালে হরর সিনেমা ‘অ্যালোন’র সেটে বিপাশার সঙ্গে পরিচয় অভিনেতা করন সিং গ্রোভারের। এর পরেই প্রেমের সূচনা। পরিচয় প্রেমে গড়াতে না গড়াতে পরের বছরই বিয়ে করেন তারা।