২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাম্পত্যে ইতি টানছেন স্ট্যালোন-জেনিফার

নিজেদের বিয়ের রজতজয়ন্তি উদযাপনের পরপরই কেন এই সিদ্ধান্ত? অবাক ভক্তরা।

দাম্পত্যে ইতি টানছেন স্ট্যালোন-জেনিফার

সিলভেস্টার স্ট্যালোন ও জেনিফার ফ্ল্যাভিন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 01:37 AM

Updated : 26 Aug 2022, 01:43 AM

ক’মাস আগেই নিজেদের বিয়ের রজতজয়ন্তি উদযাপন করেছিলেন সিলভেস্টার স্ট্যালোন ও জেনিফার ফ্ল্যাভিন; এখন দিলেন বিচ্ছেদের খবর।

হলিউড তারকা স্ট্যালোন ও জেনিফার তাদের ২৫ বছরের সম্পর্কের ইতি টানছেন বলে বুধবার সিএনএন জানিয়েছে।

বর্তমানে ৭৬ বছর বয়সী স্ট্যালোন এবং ৫৪ বছর বয়সী ফ্ল্যাভিন বিয়ে করেছিলেন ১৯৯৭ সালে। তার প্রায় দশ বছর আগে একটি রেস্তোরাঁয় তাদের প্রথম দেখা। তখন ফ্ল্যাভিনের বয়স ছিল ১৯ বছর, আর ‘রকি’ তারকা স্ট্যালোনের বয়স ছিল ৪২ বছর।

এই বছর বিয়ের রজত জয়ন্তি উদযাপনের সময় স্ট্যালোন ইনস্টাগ্রামে লিখেছিলেন, “আমার অনন্য অপরূপা স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। কতটা অভাবনীয় নিঃস্বার্থ ধৈর্যশীলা এবং নিবেদিতপ্রাণ একজন ব্যক্তি হয়ে আছে সে আমার জীবনে, তা বোঝাতে যথেষ্ট শব্দ নেই আমার। আমি কেবলই চাই সময়টা যেন আরও ২৫ বছর দীর্ঘায়িত হয়।”

জবাবে ফ্ল্যাভিন লিখেছিলেন, “আমাকে সবসময় হাসতে, ভালোবাসতে এবং আমাদের সুন্দর পরিবারকে দারূণভাবে আগলে রাখার জন্য তোমাকে ধন্যবাদ! প্রতি বছর আমাদের দাম্পত্য আরও দারুণ হয়ে উঠছে।”

Image

সিলভেস্টার স্ট্যালোন ও জেনিফার ফ্ল্যাভিন।

তার দুই মাসের মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্তের কারণ কী হতে পারে, নিয়ে তা নিয়ে প্রশ্ন উঠেছে ভক্তদের মনে।

ফ্ল্যাভিন পিপল ম্যাগাজিনকে বলেছেন, “যদিও আমরা আর দম্পতি থাকব না, তবে যৌথযাপনের এই সময়টা আমি আন্তরিকতার সাথেই লালন করব। আমি জানি, আমরা উভয়ই আমাদের অসাধারণ কন্যাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব। এভাবে নির্বিরোধে পরিবারের সকলকে নিয়ে সামনে এগিয়ে যেতে আমি কিছুটা গোপনীয়তা রক্ষা করতে চাই।”

এই দম্পতির তিনটি মেয়ে রয়েছে।

বিয়ে বিচ্ছেদ নিয়ে স্ট্যালোনও সহানুভূতিমূলক বক্তব্য রাখেন ভক্তদের উদ্দেশে- “আমি আমার পরিবারকে ভালোবাসি। আমরা সৌহার্দ্যপূর্ণভাবে এবং ব্যক্তিগতভাবে আমাদের ব্যক্তিগত সমস্যাগুলোর সমাধান করছি।”