অমিতাভের প্রতি প্রেমের কথা জানালেন রেখা
“গোটা দুনিয়ার প্রেম আমি সেই ব্যক্তির জন্য অনুভব করি,” বলেন রেখা।
রেখার সিনেমা জীবনের মতোই তার ব্যক্তিগত জীবনকে ঘিরে রয়েছে অনেক রহস্যের জাল। এখনো সে রহস্য পুরোটা জানতে পারেননি তার ভক্তরা। অনেকের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও সবচেয়ে আলোচিত ছিল অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন।
সম্প্রতি রেখার পুরনো একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, ২০০৪ সালের সিমি গারেওয়ালের টক শো রেন্ডেজভাস-এ অমিতাভের সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন রেখা।
অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, কখনো অমিতাভ বচ্চনের প্রেমে পড়েছিলেন কিনা? জবাবে রেখা বলেছিলেন, “অবশ্যই।”
রেখার ভাষ্যে, “এটা একটি বোকা প্রশ্ন। আমি এখনও এমন একজন পুরুষ, মহিলা, কিংবা শিশুকে খুঁজে পাইনি যে সম্পূর্ণভাবে আবেগে, উন্মাদনায়, মরিয়া হয়ে, আশাহীনভাবে তার প্রেমে পড়েনি। তাহলে কেন আমাকে আলাদা করা হবে? আমি কি অস্বীকার করব? আমি কি তার প্রেমে পড়িনি? অবশ্যই আমি পড়েছি। গোটা দুনিয়ার প্রেম আমি সেই ব্যক্তির জন্য অনুভব করি।”
একইসঙ্গে রেখা এও বলেন, “প্রেমে পড়লেও বাস্তবে তার সঙ্গে কখনও ব্যক্তিগত সম্পর্ক ছিল না। এটা সত্য, কখনই না। বিতর্ক ও জল্পনা-কল্পনার কোনো সত্যতাই ছিল না।”
১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘দো আনজানে’ সিনেমাতে প্রথমবারের মতো জুটি বাঁধেন অমিতাভ ও রেখা। প্রচলিত আছে, একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়ে যান রেখা ও বিবাহিত অমিতাভ।
এরপর ‘আলাপ’, ‘গঙ্গা কি সুগন্ধ’ ও ‘রাম বলরাম’ এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় দেখা গিয়েছিল তাদের। সর্বশেষ এ জুটিকে ১৯৮১ সালের সিনেমা 'সিলসিলা'তে দেখা গিয়েছিল।
