২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সম্পদ কমেছে, তবুও বছরের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নাইট রাইডার্স স্পোর্টসসহ শাহরুখের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই সম্পদের অন্তর্ভুক্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 10:05 PM

Updated : 27 Sep 2026, 10:05 PM

এবারও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার স্থানটি ধরে রেখেছেন বলিউডি তারকা শাহরুখ খান।

এনডিটিভি জানিয়েছে, হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নাইট রাইডার্স স্পোর্টসসহ তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই সম্পদের অন্তর্ভুক্ত।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন হিন্দি সিনেমার তারকা অমিতাভ বচ্চন; যার সম্পদ ৪ হাজার কোটি রুপি।

এছাড়া যথাক্রমে ৩ হাজার কোটি এবং আড়াই হাজার কোটি রুপির সম্পদ নিয়ে এই তালিকায় জায়গা করে নিয়েছেন আরও দুই অভিনেতা। তারা হলেন, সালমান খান ও হৃত্বিক রোশন।

চলতি বছর শাহরুখ খান তালিকার শীর্ষে থাকলেও, ১০ হাজার কোটি রুপির এই সম্পদ গত বছরের তুলনায় কিছুটা কমেছে। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ তার মোট সম্পদ দেখানো হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি।

তবে চলতি বছরের শুরুর দিকে যখন হুরুন গ্লোবাল রিচ লিস্ট প্রকাশিত হয়, তখন শাহরুখের নিট সম্পদ ছিল ১০ হাজার ৮০০ কোটি রুপি।

'পাঠান', 'জাওয়ান' এবং 'ডানকি'-পর পর তিনটি ব্লকবাস্টার সিনেমা নিয়ে শাহরুখ প্রেক্ষাগৃহে আসেন ২০২৩ সালে। চলতি বছরের শেষে ফের তাকে পর্দায় দেখা যাবে ‘কিং’ সিনেমার মাধ্যমে।

এদিকে গত বছর অমিতাভ বচ্চনের সম্পদের পরিমাণ ছিল ১ হাজার ৬৩০ কোটি রুপি; যা এবারে বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার কোটি রুপিতে।

শাহরুখ খানের মত অমিতাভ বচ্চন সরাসরি বড় কোনো ব্যবসা পরিচালনা করেন না। তবে তার 'ফ্যামিলি অফিস'-এর মাধ্যমে তিনি একাধিক কোম্পানিতে বড় অঙ্কের বিনিয়োগ করেছেন। এছাড়া আবাসন খাতেও তার বড় ধরনের বিনিয়োগ রয়েছে।

এ বছর ৩ হাজার কোটি রুপির মোট সম্পদ নিয়ে তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন সালমান খান।

অন্যদিকে, ২০২৫ সালের তালিকায় ২ হাজার ১৬০ কোটি রুপির সম্পদ ছিল হৃতিক রোশনের।

এবার ফিটনেস ও লাইফস্টাইল ব্র্যান্ড 'এইচআরএক্স'-এর কারণে ২ হাজার ৫০০ কোটি রুপির সম্পদ দেখানো হয়েছে হৃত্বিকের।