‘মেইড ইন চিটাগং’ যুক্তরাষ্ট্রে ৫১ সিনেমা হলে
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমা ‘মেইড ইন চিটাগং’ বাংলাদেশের পর এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে।
আগামী ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ২১টি অঙ্গরাজ্যের ৫১টি সিনেমা হলে এটি মুক্তি পাবে।
যুক্তরাষ্ট্রের পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এলএলসির কর্ণধার রাজ হামিদ সোমবার নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে জানান, নিউ ইয়র্ক সিটির কুইন্সে ‘জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা' হল ছাড়াও নিউ জার্সি, কানেটিকাট, ম্যাসাচুসেটস, নর্থ ক্যারোলাইনা, নেভাডা, মিসিগান, মিজৌরি, ওহাইও, ওকলাহোমা, পেনসিলভেইনিয়া, টেক্সাস, ভার্জিনিয়া, ওয়াশিংটন, ম্যারিল্যান্ড, ইন্ডিয়ানা, ইলিনয়, জর্জিয়া, কলোরাডো, ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনার ৫১টি সিনেমা হলে মুক্তি পাবে ‘মেইড ইন চিটাগং’।
তিনি জানান, প্রদর্শনীতে ইংরেজি সাবটাইটেলের পাশাপাশি বাংলা সাবটাইটেলও ব্যবহার করা যাবে, যাতে সকল ভাষাভাষীর দর্শকদের সিনেমাটি গল্প বুঝতে সুবিধা হয়।
পরিবেশকের বক্তব্যে, “মেইড ইন চিটাগং আদ্যোপান্ত একটি রোমান্টিক কমেডি। পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো সিনেমা। করোনা ও তার পরবর্তী সময়ে খুব দুশ্চিন্তাগ্রস্থ থেকেছি আমরা। আমার মনে হয়, সবার এখন একটু হাল্কা হওয়া উচিৎ। একটু হাসা উচিৎ। সবচেয়ে বড় কথা হচ্ছে, পরিবারের সবাইকে নিয়ে হাসি-তামাশায় দেখার মতো একটি সিনেমাই মেইড ইন চিটাগং।”
সিনেমার কাহিনী প্রসঙ্গে পরিবেশক বলেন, সিনেমাটির গল্প মূলত ঐতিহ্যবাহী মেজবান ও দুই বাড়ির লোকজন তথা সমাজের বিভিন্ন সঙ্গতি- অসঙ্গতিকে কেন্দ্র করে এগিয়ে যাবে। দুই পরিবারের মধ্যকার সামাজিক দ্বন্দ্ব ও প্রতিযোগিতা একপর্যায়ে প্রেম ও বিরহের দৃশ্যও দেখতে পাবেন দর্শক।
সিনেমাটির প্রযোজক রূপকথা প্রডাকশন্সের কর্ণধার এনামুল কবির সুজন জানিয়েছেন, পেট পুরাদ্দে তুয়ারলাই' গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যেই।
সিনেমার প্রধান চরিত্র রূপায়নকারী ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া আঞ্চলিক ভাষার এই সিনেমাটির সাফল্যের জন্যে প্রবাসীদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন, যাতে পরবর্তীতে বাংলাদেশের অন্য অঞ্চলের ভাষাতেও সিনেমা নির্মাণের আগ্রহ বাড়ে।
অনুষ্ঠানে জানানো হয়, শিগগিরই নির্মিত হতে যাচ্ছে সিলেটি ভাষায় পূর্ণদৈঘ্য বাংলা সিনেমা।
রিয়াদ বিন মাহমুদের রচনা ও ইমরুল রাফাতের পরিচালনায় মেইড ইন চিটিাগং সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ। এছাড়া রয়েছেন চিত্রলেখা গুহ, সাজু খাদেম, মুকিত আনোয়ার, নাসির উদ্দিন খান প্রমুখ।
