‘আশিকি ২’র গায়িকা-সুরকার বসছেন বিয়ের পিঁড়িতে
পলক মুছাল এবং সুরকার মিথুন শর্মার প্রেমের খবরের আগেই এল বিয়ের খবর।
বিয়ে করছেন ‘আশিকি ২’র গায়িকা পলক মুছাল এবং সুরকার মিথুন শর্মা।
আগামী ৬ নভেম্বর তারা যৌথজীবন শুরু করতে যাচ্ছেন বলে বলিউড হাঙ্গামা জানিয়েছে।
আশিকি ২’র টাইটেল গান তুম হি হো গানটির সুর দেন মিথুন, এর গীতিকারও তিনি। একই সিনেমায় চাহু ম্যায় ইয়া না গানটি গেয়েছিলেন পলক।
২০১৬ সালে ‘কেহ ভি দে’ এবং ‘দূর না জা’র মতো গানগুলিতে জুটিবদ্ধ হয়ে গেয়েছিলেন তারা৷
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন বলা হয়েছে, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে ৪ নভেম্বর থেকে মুম্বাইয়ে।
মিথুন ও পলক কাজের সূত্রে একে অন্যের পরিচিত হলেও তাদের প্রেমের কথা আগে কখনও শোনা যায়নি। ধারণা করা হচ্ছে, তারা পারিবারিকভাবেই বিয়ের সিদ্ধান্তটি নিয়েছেন।
সুরকার মিথুন মার্ডার ২, আশিকি ২, ইয়ারিয়ান, এক ভিলেন, জেহের, কালযুগ, আনোয়ার, দ্য ট্রেন, সানাম রে, শিবায়, বাঘি ২, কবির সিং, মলং ও রাধে শ্যামের মতো সিনেমার জন্য বেশ কয়েকটি গান রচনা করেছেন।
অন্যদিকে এক থা টাইগার, আশিকি ২, কিক, অ্যাকশন জ্যাকসন, প্রেম রতন ধন পায়ো, এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, কাবিল, বাঘি ২, এবং পাল পাল দিল কে পাস এর মতো অনেক সিনেমায় গান গেয়েছেন পলক।
