‘সেরা রাঁধুনী’র খোঁজে
‘রান্নার জগতে হয়ে উঠুন উজ্জ্বল তারকা’- এই স্লোগান এবারের।
সারাদেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে সপ্তমবারের মতো 'সেরা রাঁধুনি' প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে স্কয়ারের মসলার ব্র্যান্ড রাঁধুনী।
মঙ্গলবার ঢাকার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে ‘সেরা রাঁধুনী’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম।
তিনি বলেন, “দেশীয় রান্নার ঐতিহ্য সংরক্ষণ এবং সেটিকে ছড়িয়ে দিতে এই প্রতিযোগিতার প্রচেষ্টা অব্যাহত থাকবে।“
‘রান্নার জগতে হয়ে উঠুন উজ্জ্বল তারকা’- এই স্লোগান তুলে এবারের প্রতিযোগিতার ‘সেরা রাঁধুনী ১৪২৯'-এর নিবন্ধনও শুরু হয় মঙ্গলবার, যা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।
১৮ বছরের বেশি বয়সী যে কোনো বাংলাদেশি নারী-পুরুষের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে জানান হয়, দেশের আনাচে-কানাচে থেকে রন্ধন শিল্পে পারদর্শীদের খুঁজে বের করার পর ডিসেম্বরের ১৬ তারিখ থেকে মাছরাঙা টিভিতে সপ্তম আসর সম্প্রচার শুরু হবে। এবং আগামী বছরের ১৮ মার্চ অনুষ্ঠানটির গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
এই প্রতিযোগিতায় সেরাজন পাবেন ১০ লাখ টাকা পুরস্কার, দ্বিতীয় রানার আপ পাবেন ৫ লাখ পাবেন।
যে প্রক্রিয়ায় প্রতিযোগিতায় অংশগ্রহণ
প্রতিযোগীকে তার নিজস্ব রেসিপি (ওয়ার্ড ফাইল বা স্পষ্টাক্ষরে হাতে লেখা রেসিপির ছবি), তৈরি করা খাবারের ছবি, প্রতিযোগীর নিজের ছবি ও অন্যান্য তথ্য দিয়ে সেরা রাঁধুনী'র নিজস্ব ওয়েবসাইটে সাবমিট করতে হবে।
অথবা সরাসরি ডাকযোগে বা কুরিয়ারে এসএফবিএল টাওয়ার, রোড-২৭, ১১/সি, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় পাঠিয়ে সেরা রাঁধুনী ১৪২৯-এ রেজিস্ট্রেশন করতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘সেরা রাঁধুনী’ বাছাইয়ের জন্য প্রথমে অডিশন হবে দেশের আট বিভাগে। এরপর পর স্টুডিও রাউন্ডের জন্য নির্বাচিত প্রতিযোগীদের বেছে নেওয়া হবে।
এই প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন শেফ শুভব্রত মৈত্র, রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা, অভিনয়শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব দিলারা হানিফ পূর্ণিমা।
বিচারকরা জানান, স্টুডিও রাউন্ডে প্রতিযোগিতার নানা ধাপে প্রতিযোগীদের ভিন্ন ভিন্ন ঘরানার রান্নায় পারদর্শিতা যাচাই করা হবে। পাশাপাশি রান্না পরিবেশনা, নিজেকে উপস্থাপন, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব, বিক্রয় দক্ষতা, নেতৃত্বগুণ, খাবারের ব্যবসা চালানোর ক্ষমতা, বিভিন্ন পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে তাৎক্ষণিক বুদ্ধি ও দক্ষতা প্রয়োগের ক্ষমতাও যাচাই করে ‘সেরা রাঁধুনী ১৪২৯’ নির্বাচন করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা, মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুন্ডু, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, মিডিয়াকম লিমিটেড এবং মাছরাঙা টেলিভিশনের অন্যান্য কর্মকর্তারা।
