২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাদপ্রতীম ফরাসি তারকা জেন বারকিনের জীবনের ইতি

কালজয়ী এই শিল্পীর প্রয়ানে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ‘তার সুর ও অভিনয় আমাদের ছেড়ে যাবে না’।

প্রবাদপ্রতীম ফরাসি তারকা জেন বারকিনের জীবনের ইতি

জেন বারকিন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 12:18 AM

Updated : 17 Jul 2023, 08:43 AM

ফরাসি সংগীত ও চলচ্চিত্রের প্রবাদপ্রতীম শিল্পী জেন বারকিন আর নেই।

৭৬ বয়সী এই তারকা রোববার প্যারিসের নিজ বাসায় মারা গেছেন বলে বিবিসি জানিয়েছে।

বারকিনকে ‘ফ্রেঞ্চ আইকন’ ও ‘পরিপূর্ণ শিল্পী’ উল্লেখ করে এক শোক বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তার জীবনাবসান ঘটলেও ‘তার সুর ও অভিনয় আমাদের ছেড়ে যাবে না’।

ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোন শিল্পী বারকিনকে কালজয়ী বলে বর্ণনা করেছেন।

বিবিসি লিখেছে, লন্ডনে জন্ম নেওয়া এই শিল্পী সত্তরের দশকে ফ্রান্সে গান গেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি আলোচনায় ছিলেন মূলত ফ্রান্সেরই সংগীতশিল্পী শার্জ গেইন্সবুর্গের সঙ্গে সম্পর্কে জড়িয়ে। ১৯৬৯ সালে গেইন্সবুর্গের সঙ্গে বারকিনের গাওয়া ‘জোতেম…মই নু প্লুস’ গানটি বিপুল জনপ্রিয়তা পায়।

গীতিকার গেইন্সবুর্গ গানটি লিখেছিলেন আসলে তার বান্ধবী অভিনেত্রী ব্রিহিদ বা’দুর জন্য। ঘটনাক্রমে ‘স্লোগান’ চলচ্চিত্রের সেটে বারকিনের সঙ্গে আলাপ হয় গেইন্সবুর্গের। তার কয়েক মাস বাদে ১৯৬৮ সালে তারা গানটি করেন।

তবে গানটির কথা যৌনতাপূর্ণ হওয়ায় বেশ কয়েকটি দেশের রেডিওতে প্রচার নিষিদ্ধ করা হয়, এমনকি ভ্যাটিক্যান সিটি নিন্দাও জানিয়েছিল। এই ডামাডোলের মধ্যেই এই জুটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে।

Image

জেন বারকিন।

বারকিন আর গেইন্সবুর্গের সম্পর্ক ছিল ১২ বছরের মতো। তবে বিচ্ছেদের পরও প্রিয়তমার জন্য গান লিখেছেন গেইন্সবুর্গ।

তুমুল চর্চিত এই জুটির শাহলুদ গেইন্সবুর্গ নামে কন্যাসন্তান রয়েছে, যিনিও পুরস্কারজয়ী অভিনেত্রী ও শিল্পী।

২০২০ সালে লেখা ডায়েরিতে বারকিন তার চেয়ে ১৮ বছরের বড় তার চেয়ে গেইন্সবুর্গের সম্পর্ককে ‘টালমাটাল’ হিসেবে বর্ণনা করেছেন। গেইন্সবুর্গের মাদকাসক্তি নিয়ে তাদের সম্পর্কের তিক্ততার কথাও উঠে আসে।

গানের পাশাপাশি ফ্যাশন জগতেও তুমুল জনপ্রিয় বারকিন। তার নামে ফ্রান্সের হারমাস কোম্পানির যে হাতব্যাগ আছে তা বিশ্বজুড়েই সমাদৃত।