২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় দুই দিনব্যাপী নৃত্যনাট্য

প্রথম দিন পরিবেশিত হয় ‘চিত্রাঙ্গদা’, ‘মহুয়া’ ও ‘সাধনায় মুক্তি’।

শিল্পকলায় দুই দিনব্যাপী নৃত্যনাট্য

শিল্পকলায় শুরু হয়েছে ‘নৃত্যনাট্য পরিবেশনা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 10:18 PM

Updated : 05 Sep 2022, 10:18 PM

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকার জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী নৃত্যনাট্য পরিবেশনা।

সোমবার সন্ধ্যায় উদ্বোধনী আনুষ্ঠানিকতায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো।

পরে একে একে পরিবেশিত হয় তিনটি নৃত্যনাট্য। প্রথম দিনের আয়োজনে পরিবেশিত হয় মুরাদ জামানের পরিচালনায় ‘চিত্রাঙ্গদা’, নাজমুল হক লেলিনের পরিচালনায় ‘মহুয়া’ এবং সেলিনা হকের পরিচালনায় ‘সাধনায় মুক্তি’।

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। মহাভারতের আদিপর্বে বর্ণিত অর্জুন ও চিত্রাঙ্গদার প্রণয়োপাখ্যান অবলম্বনে গড়ে উঠেছে এই নৃত্যনাট্য। এটি পরিবেশন করে নৃত্যাঙ্গন নৃত্যকলা একাডেমি। পরিবেশনাটিতে অংশ নেয় ৩০ জন নৃত্যশিল্পী।

Image

শিল্পকলায় চিত্রনাট্য পরিবেশনা

এরপর পরিবেশিত হয় ময়মনসিংহ গীতিকার অমর উপাখ্যান গীতি নৃত্যনাট্য ‌মহুয়া। ১ ঘণ্টা ২৫ মিনিটের এই নৃত্যনাট্যটি সম্পাদনা করেন শহীদুল আলম লস্কর। নৃত্য পরিচালনা ও কোরিওগ্রাফিতে ছিলেন নাজমুল হক লেলিন। পরিবেশন করে একাডেমি অব ফাইন আর্টস, ময়মনসিংহ। নৃত্যটির প্রধান মহুয়া চরিত্রে অভিনয় করেন তাসনুভা নিঝুম। ছোট মহুয়া চরিত্রে ছিলেন মিসকাতুল নূর মৃধা ও বয়াতী চরিত্রে অভিনয় করেন আবু রায়হান।

সবশেষে পরিবেশিত হয় ‘‌সাধনায় মুক্তি'। এতে দেখানো হয় প্রাচীন হিন্দু শাস্ত্রের ঐতিহাসিক বেশ কিছু বাস্তব দৃশ্যপট। ১১ পর্বে মঞ্চায়িত হয় পরিবেশনাটি। এতে কালী চরিত্রে অভিনয় করেন অপর্না হাই তন্দ্রা, রামকৃষ্ণ চরিত্রে ছিলেন মাহমুদুল রাব্বি, রানী রাসমনি চরিত্রে ছিলেন সেলিনা হক, ছোট সারদা ছিলেন রূপসঞ্চারী চর্যা এবং বড় সারদা ছিলেন রূপশ্রী চক্রবর্তী। শিব চরিত্রে ছিলেন সুমন মাহমুদ সম্রাট। অসুর চরিত্রে ছিলেন সোহেল হোসাইন। হালদার ছিলেন মেহেদী হাসান, স্বামী বিবেকানন্দ চরিত্রে ছিলেন শেখ রাসেল এবং বাইজী চরিত্রে অভিনয় করেন সায়মা হাবিবা অপূর্ব।

মঙ্গলবার সমাপনী দিনে পরিবেশিত হবে মানস করের পরিচালনায় ‘দেওয়ান ভাবনা’, ল্যাডলি মোহন মৈত্রের পরিচালনায় ‘বিদায় অভিশাপ’, কামরুল হাসান ফেরদৌসের পরিচালনায় ‘রোমিও জুলিয়েট’।