সেনা নিয়ে কথায় এবার বয়কটের মুখে রিচা চাড্ডার সিনেমা
নিঃশর্ত ক্ষমা চেয়েও নেটিজানদের মন গলাতে পারছেন না এই অভিনেত্রী।
টুইটারে এক পোস্টকে কেন্দ্র করে নিজের দেশের সেনাবাহিনীকে ‘অপমান’ করার অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী রিয়া চাড্ডার বিরুদ্ধে। আর সে কারণে তার ‘ফুকরে তিন’ সিনেমা বয়কটের ডাক চলছে টুইটারে।
সাম্প্রতিক সময়ে এর আগে আমির খান, অক্ষয় কুমারের সিনেমা নিয়েও এমন ঘটনা ঘটেছিল, যা নিয়ে বলিউড তারকারা ক্ষোভও প্রকাশ করে আসছিলেন। তার মধ্যেই সেই পাঁকে পড়লেন রিচা। এখন নিঃশর্ত ক্ষমা চেয়েও কূল পাচ্ছেন না এই অভিনেত্রী।
মৃগদীপ সিং লাম্বা পরিচালিত ছবি ‘ফুকরের’ তিন নম্বর পর্ব আছে মুক্তির অপেক্ষায়। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘ফুকরে’। ওই সিনেমায় ‘ভোলি পাঞ্জাবান’র চরিত্রে নজর কেড়েছিলেন রিচা। সিনেমার মোট তিন পর্বই টেনে নিয়ে যাচ্ছেন তিনি।
কেন এই বিতর্ক? টাইমস অব ইন্ডিয়া বলছে, উত্তরের আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এক টুইটকে নিজের টুইটারের ওয়ালে শেয়ার করে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে ‘রসিকতা’ করেছিলেন রিচা।
উপেন্দ্র দ্বিবেদীরর কথাটি ছিল, “উপর মহল থেকে নির্দেশ পেলেই পাকিস্তান অধিকৃত কাশ্মিরের দখল ছিনিয়ে নেবে ভারতীয় সেনারা।”
সেনা কর্মকতা দ্বিবেদীর ওই টুইটটি শেয়ার করে ‘মজা’ করে রিচা লেখেন ‘গালওয়ান হাই’। সেই থেকে বিতর্ক-সমালোচনার ঝড় শুরু।
পরিস্থিতি গোলমেলে দেখে তড়িঘড়ি করে টুইটারে বিবৃতি দিয়ে ক্ষমা চান রিচা। মুছে ফেলেন আগের টুইটটি। তার ভাষ্য, “কাউকে অপমান করা আমার উদ্দেশ্য ছিল না, যে শব্দগুলো নিয়ে এতো কথা হচ্ছে, তা যদি কারোও মনে আঘাত হেনে থাকে, তবে আমি ক্ষমা চাইছি।”ৎ
এই নায়িকা এটাও জানান যে তিনি নিজে সেনা পরিবারের মেয়ে, তাই কোনোদিন নিজের দেশের সেনাবাহিনীকে অপমান করার কথা ভাবতেই পারেন না।
যদিও রিচার ক্ষমা প্রার্থনায় মন গলেনি নেট দুনিয়ার অনেক মানুষের।
অনেকে ‘ফুকরে তিন’ সিনেমা বয়কটের ডাক দিয়েছেন। একজন লিখেছেন, “আপনি টাকার জন্য সব করতে পারেন, যা বলেছেন তাতে আপনি লজ্জিত হোন।”
আরেকজনের কথা, “বয়কট সংগ্রাম চলবে। এখন ‘ফুকরে ৩’ এর পালা। বয়কট ‘ফুকরে তিন’। এই বয়কট ভারতীয় সেনাবাহিনীকে অপমান করার জন্য।”
“বলিউড আমাদের সংস্কৃতিকে উইপোকার মতো খাচ্ছে, তাই বয়কট করা জরুরি,” লিখেছেন আরেকজন।
তবে শুধু সাধারণ টুইটার ব্যবহারকারীরা নন, রিচার এ ধরনের আচরণের সমালোচনা করেছেন অনুপম খের, অক্ষয় তুমার এবং কেকে মেননের মতো তারকারাও।
কোভিড মহামারীর পর ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন দেখা গেছে একের পর এক ‘বয়কট’ আওয়াজে বিপর্যস্ত হয়েছেন ছবি নির্মাতা আর শিল্পীরা। নানা কারণ দেখিয়ে সিনেমা মুক্তির আগে এবং পরে কিছু মানুষের সরব প্রতিবাদে বিশাল বাজেট আর তারকা অভিনেতাদের একের পর এক সিনেমায় মুখ থুবড়ে পড়ছে।
