কাজল আরিফ এবার ‘দুঃখের মুসাফির’
এর আগে তরুণ এ শিল্পীর ‘কেমন ভালোবাস’ শিরোনামের গানটি দর্শকপ্রিয়তা পায়।
ঈদ উপলক্ষে ‘দুঃখের মুসাফির’ হয়ে এলেন ‘কেমন ভালোবাস’খ্যাত তরুণ কণ্ঠশিল্পী কাজল আরিফ।
সোমবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তার ‘দুখের মুসাফির’ শিরোনামের গানচিত্র।
গানটির গীতিকার মো. মিজাহারুল ইসলাম, সুব্রত সুমনের সঙ্গে সুর করেছেন শিল্পী নিজেও। সালমান জাইমের সংগীতায়োজনে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
গানচিত্রটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র, নাইরুজ সিফাত, ফারুক আহমেদ, জাভেদ চৌধুরী এবং শিশু শিল্পী সাদাব।
দুঃখের মুসাফির নিয়ে কাজল আরিফ বলেন, “এটি মূলত ভালোবাসার গান, ফোক ঘরানার এই গানটিতে ফুটে উঠেছে আমাদের বাস্তব জীবনের গল্প। অনেক যত্ন নিয়ে গানটি করার চেষ্টা করেছি। বরাবরের মতোই এ গানটিও সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।”
কাজল আরিফ জানান, গানটি নির্মাণে সহযোগিতা করেছেন ওশেন মেরিটাইম একাডেমি পরিবার এবং ধ্রুব মিউজিক স্টেশন পরিবার।
সর্বশেষ গত অগাস্টে প্রকাশিত হয়েছিল কাজল আরিফের মৌলিক গানের ভিডিও ‘কেমন ভালোবাস’। গানটি দর্শক গ্রহণ করার ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে ‘দুঃখের মুসাফির’ দর্শক-শ্রোতাদের জন্য ‘উপহার’, বললেন এ সংগীতশিল্পী।
২০১৩ সালে একক অ্যালবাম ‘নতুন এক প্রেমে পড়ো’ দিয়ে সংগীত জগতে প্রবেশ কাজল আরিফের। ন্যান্সির সঙ্গে যৌথভাবে গান গেয়েছেন তিনি।
