নিজের অষ্টম সন্তানের মায়ের সঙ্গে বাগদান সারলেন মিক জ্যাগার
মেলানির সঙ্গে প্রায় এক দশক ধরে রয়েছেন দ্য রোলিং স্টোন তারকা।
আশির দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের অষ্টম সন্তানের মা মেলানি হ্যামরিকের সঙ্গে বাগদান সারলেন পপ তারকা মিক জ্যাগার।
গত সপ্তাহে এক অনুষ্ঠানে হিরার এটি ঝলমলে আংটি দেখা গেছে মেলানির হাতে। সেসময় বন্ধুমহলে বাগদানের ঘোষণাও দেন তিনি।
এই তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রের বরাতে দ্য মিরর জানিয়েছে, সম্প্রতি নিউ ইয়র্ক ভ্রমণে গিয়েছিলেন জ্যাগার-মেলানি। সেখানে ৩৬ বছর বয়সী মেলানি তার ঘনিষ্ঠজনদের কাছে জ্যাগারের সঙ্গে নিজের বাগদানের কথা স্বীকার করেন।
ওই সূত্র বলেছে, “সে পরিষ্কার করেই বলেছে, এটি তার এনগেইজমেন্ট রিং। সে এখন জ্যাগারের বাগদত্তা। ওদের পরিবারও এই সম্পর্কে সম্মতি দিয়েছে।”
“যদিও তাদের বিয়ের কোনো পরিকল্পনা নেই। তবে বাগদান হওয়াটাই মেলানির জন্য গুরুত্বপূর্ণ ছিল,” এটাও বলেছি ওই সূত্র।
আমেরিকান ব্যালে থিয়েটারের সাবেক সদস্য মেলানি ২০১৪ সাল থেকে মিক জ্যাগারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। টোকিওতে একটি কনসার্টে প্রথম দেখা হয় তাদের। তারপর ২০১৬ সালে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে। বর্তমানে এই তারকা জুটির ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে।
পাঁচজন নারীর সঙ্গে মোট আট সন্তানের বাবা জ্যাগার ১৯৭১ সালে বিয়াঙ্কা জ্যাগারকে বিয়ে করেছিলেন। সাত বছর পর সে বিয়ে ভেঙে যায়। এরপর একাধিক প্রেমে থাকলেও তিনি আর বিয়ে করেননি।
নাইট উপাধি প্রাপ্ত ৭৯ বছর বয়সী রোলিং স্টোন তারকা জ্যাগার ‘স্যাটিসফ্যাকশন’, ‘সিম্প্যাথি ফর দ্য ডেভিল’, ‘অ্যাঞ্জি, জাম্পিন জ্যাক ফ্ল্যাশ’র মতো অজস্র হিট গান ভক্তদের উপহার দিয়েছেন।
প্রায় দুই দশক পর আগামী বছর তিনি একটি নতুন গানের অ্যালবাম প্রকাশ করবে বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।
