শুক্রবার ‘চলো বাংলাদেশ’ কনসার্ট
কনসার্টে গান শুনতে যাওয়া যাবে বিনামূল্যে; তবে এজন্য নিবন্ধন করতে হবে মাইজিপি অ্যাপের মাধ্যমে।
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা যোগাতে ‘চলো বাংলাদেশ’ শীর্ষক কনসার্ট হবে ঢাকায়। দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের নিয়ে এটির আয়োজন করতে যাচ্ছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
আগামী শুক্রবার (২০ অক্টোবর) ঢাকার আর্মি স্টেডিয়ামে এ কনসার্টে গান পরিবেশন করবে আর্টসেল, ক্রিপ্টিক ফেইট, হাবিব ওয়াহিদ, নেমেসিস, প্রীতম হাসান, রাফা অ্যান্ড ফ্রেন্ডস, পান্থ কানাই, হাসান, ওয়ারফেজসহ অনেকে।
কনসার্টে গান শুনতে যাওয়া যাবে বিনামূল্যে; তবে এজন্য নিবন্ধন করতে হবে মাইজিপি অ্যাপের মাধ্যমে। এ অ্যাপের টিকিট পোর্টালটি প্রতিদিন রাত ১২টায় চালু হবে এবং বৃহস্পতিবার পর্যন্ত সীমিত সংখ্যক মানুষ নিবন্ধন করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, কনসার্টটি মাইজিপি অ্যাপ ও এনটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
গ্রামীণফোনের ‘চলো বাংলাদেশ’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এ কনসার্ট আয়োজন করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "বছরের বহুল প্রত্যাশিত এ উদযাপন ‘চলো বাংলাদেশ’ কনসার্টের মাধ্যমে গ্রামীণফোনের লক্ষ্য দেশের তরুণদের মধ্যে ঐক্য, আবেগ এবং অনুপ্রেরণার চেতনাকে উজ্জীবিত করা।
"গ্রামীণফোন বিশ্বাস করে চেতনা উজ্জীবিত করার মাধ্যমে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আমাদের জাতীয় ক্রিকেট দলের যাত্রা উদযাপনের এবং আমাদের যে বীরেরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি সম্মান জানানোর এখনই সময়।"
এতে বলা হয়েছে, কনসার্টটি শিল্পী আর সংগীতপ্রেমীদের ‘অভুতপূর্ব’ মিলনমেলায় গানপ্রেমীদের বড় স্বপ্ন দেখতে এবং নির্ভিকভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।
