সংগীত নিশিতার নেশা
প্রাতিষ্ঠানিক লেখাপড়াকে গুরুত্ব দিয়ে ক্যারিয়ার গড়ায় মনোযোগী হতে চান ক্লোজআপ ওয়ানখ্যাত কণ্ঠশিল্পী নিশিতা বড়–য়া। তবে তিনি আজীবন সংগীতচর্চা করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে নিশিতা গ্লিটজকে বলেন, “সংগীতচর্চা করতে চাই শখের জন্য। পেশা হিসেবে নিয়ে হতাশায় ভুগতে চাই না।”
নিশিতা আরও বলেন, “সংগীতের স্বর্ণযুগ আর নেই। ওই সময়ে আমাদের গুরুস্থানীয় শিল্পীরা যা গেয়েছেন তাই হিট হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি আলাদা। শ্রোতাদের রুচি বোঝা যেমন কষ্ট, কিছু সমস্যার কারণে তেমনই সংগীতকে পেশা হিসেবে নিয়ে জীবন যাপন করা কঠিন।”
তিনি আরও বলেন, “আমাদের সংগীত পরিচালকরা একটু সহযোগিতা করলে এমন পরিস্থিতি বোধহয় হতো না।”
তিনি বলেন, “সবাই তো আর বিগ বাজেট নিয়ে সংগীতাঙ্গনে আসেননি, যে ঘনঘন অ্যালবাম এবং বিগ বাজেট নিয়ে মিউজিক ভিডিও করবেন। এসব অনেকের পক্ষেই অসম্ভব, আমার পক্ষে তো বটেই।”
চট্টগ্রামে বেড়ে ওঠা নিশিতার বর্তমান ঠিকানা রাজধানী ঢাকা। বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশুনাও শেষ হয়েছে চট্টগ্রাম থেকে। টিভি, রেডিও অনুষ্ঠান উপস্থাপনা এবং দেশ-বিদেশের স্টেজ শোর ব্যস্ততা রয়েছে। তবু আরও উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা রয়েছে তার।
তিনি আরও বলেন, “ক্লোজআপ ওয়ান-এর মাধ্যমে যা পেয়েছি, তা আসলে চাওয়ার চেয়ে অনেক বেশি। তারপরও সংগীতের বাইরেই একটা পেশাগত জীবন গড়তে চাই। আর দেশের সংগীতাঙ্গনের যা অবস্থা! সংগীতকে পেশা হিসেবে নেওয়ার পক্ষপাতি আমি নই।”
নিশিতা ২০০৬ সাল থেকে সংগীতাঙ্গনে পরিচিত হন সংগীত প্রতিভা খোঁজার রিয়ালিটি শো ‘ক্লোজআপ ওয়ান’-এর দ্বিতীয় আসরের মাধ্যমে। এরপর ২০০৭ সালে প্রকাশ হয় তার প্রথম একক ‘আমায় নিয়ে চলো’। এরপর নানা অ্যালবামের জন্য গান গাইলেও বাজারে আসেনি আর কোনো একক।
নিশিতা জানালেন, একক অ্যালবামের কাজে হাত দিয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত পাঁচটা গানের কাজ শেষ। অ্যালবামে থাকবে তার লেখা ও সুরে কয়েকটি গান। অ্যালবামের সংগীত পরিচালনা করছেন ক্লোজআপ ওয়ানখ্যাত আরেক শিল্পী কিশোর।
