অস্কারে যাচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’?
ইতোমধ্যেই বিচারকরা কোমর বেঁধে সিনেমা নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।
চলতি বছরে অস্কারের মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছে দক্ষিণ ভারতের সিনেমা ‘আরআরআর’ । একাধিক মনোনয়নের পাশাপাশি সেরা মৌলিক গানের শিরোপা অর্জন করেছে সিনেমার ‘নাটু নাটু’ গানটি।
ছয় মাস না পেরোতেই আগামী বছরের অস্কারের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। ইতোমধ্যেই বিচারকরা কোমর বেঁধে সিনেমা নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।
জানা গেছে, অস্কারে নাম পাঠানোর দৌড়ে রয়েছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। অদা শর্মা অভিনীত সিনেমাটি বিতর্কে জর্জরিত হলেও বক্স অফিস সাফল্যের ক্ষেত্রে তা অন্তরায় হয়ে দাঁড়ায়নি।
গুঞ্জন রয়েছে, ‘দ্য কেরালা স্টোরি’র পাশাপশি করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ সিনেমাটিও অস্কার লড়াইয়ে নেমেছে।
সূত্রের খবর, ১৭ সদস্যের এই কমিটির কাছে এখনও পর্যন্ত জমা পড়েছে মোট ২২টি সিনেমা। গত সোমবার থেকে চেন্নাইয়ে একাধিক সিনেমার প্রদর্শন শুরু হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর প্রকাশ্যে আসবে আগামী বছরের অস্কারের জন্য যোগ্য সিনেমার তালিকা।
সংবাদ সূত্র: বলিউড লাইফ
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
