২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেকড়েরূপী বরুণ: ‘ভেড়িয়া’র ট্রেইলার প্রকাশ

আগামী ২৫ নভেম্বর হিন্দি, তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পাবে ভেড়িয়া

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2022, 06:01 PM

Updated : 21 Oct 2022, 06:01 PM

‘ওয়ার উলফের’ গল্প নির্ভর বরুণ ধাওয়ান এবং কৃতি স্যাননের নতুন সিনেমা ‘ভেড়িয়া’র ট্রেইলার প্রকাশিত হয়েছে। সিনেমার গল্পে বরুণ এক টগবগে তরুণ থেকে রূপান্তরিত হন নেকড়েতে, আর ঘটান একের পর এক তাণ্ডব।

ইউটিউবে প্রকাশিত তিন মিনিটের ট্রেইলারে দেখানো হয়েছে, জঙ্গলের মধ্যে এক নেকড়ে কামড়ে দেন বরুণকে। এরপর থেকে নিজের মধ্যে একটু একটু করে বদল বুঝতে পারেন তিনি। এক পর্যায়ে নিজের ইচ্ছেমত নেকড়তে রূপান্তরিত হওয়ার ক্ষমতা অর্জন করেন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাত বাড়লেই কোনো এক নেকড়ের আত্মা ভর করে তার শরীরে। ধীরে ধীরে মানুষ থেকে এক পাগলাটে খুনে নেকড়েতে পরিণত হন তিনি। আর দিনের বেলা অস্থির হয়ে ভাবতে থাকেন, এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে কীভাবে!  নিজের সঙ্গে লড়াইয়ে পেরে না উঠে শেষমেশ বন্ধুদের সঙ্গে আলোচনায় এর পরিত্রাণ খোঁজার চেষ্টা করেন বরুণ।

ট্রেইলারের ভিডিওতে আলো আঁধারির কালো ঘন জঙ্গল এবং ভিজ্যুয়াল ইফেক্টসে তৈরি নেকড়ের ঝলক দেখা গেছে। সেখানে বরুণ নিজের নখকে 'রামপুরি চাকু এবং দাঁতকে ড্রাকুলার সঙ্গে তুলনা করছেন। নেকড়ে হওয়ার পর কুকুররা তাকে ‘চাচা’ বলে সম্বোধন করে ক্ষ্যাপায়। দ্য জঙ্গল বুকের ‘জঙ্গল জঙ্গল বাত চালি হ্যায়’ গানটির সাথে শেষ হয় ট্রেইলার।

বরুণ, কৃতি ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন দীপক ডোবরিয়াল এবং অভিষেক ব্যানার্জি। সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক, প্রযোজনায় আছেন দিনেশ ভিজান।

সিনেমাটি ২৫ নভেম্বর টুডি এবং থ্রিডি সংস্করণে হিন্দি, তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পাবে।

পরিচালক অমর কৌশিক বলেন, “এই ট্রেইলার দর্শকদের অ্যাডভেঞ্চারের ছোট্ট একটু স্বাদ দেবে। সব ধরনের দর্শকের উপভোগ করার জন্য সিনেমাটি তৈরি করা হয়েছে। বিস্ময়কর নানা ঘটনার পাশাপাশি হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে আপনাদের।”

‘ভেড়িয়া’র পরে, বরুণকে জাহ্নবী কাপুরের বিপরীতে একটি সামাজিক ড্রামা ’বাওয়ালে’তে দেখা যাবে। বরুণ সর্বশেষ ’জুগ জুগ জিও’ সিনেমাটি করেন। চলতি বছরের জুন মাসে সিনেমাটি মুক্তি পায়।