২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেইলারে দুর্ধর্ষ ‘জওয়ান’

মুক্তির সাতদিন আগে শাহরুখ খান অভিনীত অ্যাকশন থ্রিলার ‘জওয়ান’র ট্রেইলার প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অ্যাকশনে ভরপুর দুই মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ট্রেইলারে দ্বৈত চরিত্রে দেখা গেছে শাহরুখকে। বাবা-ছেলে, দুই চরিত্রেই অভিনয় করেছেন কিং খান। শুরুতেই দেখা গেছে ভিলেন রূপী শাহরুখ হাইজ্যাক করেছেন গোটা একটা মেট্রো রেল। সুরাহা করার জন্য পুলিশ অফিসার নয়নতারা তাকে জিজ্ঞেস করে, “তোমার কি চাই?” জবাব আসে- “আলিয়া ভাট”। ট্রেইলারে স্পষ্ট বোঝা যায়, হাইজ্যাকারের সঙ্গেই একসময় প্রেম করতেন নয়নতারা। এছাড়াও দেখা গেছে, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কুস্তির ম্যাচে মাত দিয়েছেন শাহরুখকে। অন্যদিকে সিনেমার খলনায়ক বিজয় সেতুপতি বিশ্বের চতুর্থ সর্বোচ্চ অস্ত্র ব্যবসায়ী হিসাবে দেখা দিয়েছেন। অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 06:56 PM

Updated : 31 Aug 2023, 07:24 PM