০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎকে নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য।

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

‘কাট-পিস’ সিনেমার পোস্টার। ছবি: নির্মাতার সৌজন্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 11:49 AM

Updated : 04 Oct 2026, 11:49 AM

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘিরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

নির্মাতা মম জানিয়েছেন, আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে 'কাট-পিস' সিনেমা।

চিত্রনাট্য তৈরি হয়েছে পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎকে নিয়ে।

বিজ্ঞপ্তিতে মম বলেন, গার্মেন্টসের ঝুট ব্যবসা শহরের খুব পরিচিত একটি বাস্তবতা। কিন্তু এই ব্যবসার ভেতরের মানুষ, তাদের অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং সেই জগতের সংঘাতকে মূলধারার সিনেমার গল্প হিসেবে তুলে ধরার জায়গাটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই জায়গা থেকেই কাট-পিস নির্মাণের শুরু।

কাট পিস এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ আরও অনেকে। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন মম।

কাট-পিস তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। মুক্তির হিসেবে এটি হতে যাচ্ছে অভিনেত্রীর প্রথম সিনেমা।

সিনেমাটি নিয়ে অভিনেত্রীর ভাষ্য, "কাট-পিস আমার তৃতীয় সিনেমা। কিন্তু এটি প্রথম মুক্তি পাচ্ছে। তাই এই সিনেমা নিয়ে খুব এক্সসাইটেড আমি। এখানে আমার চরিত্রের নাম মালা। যাকে দেখলে মনে হবে পাশের বাড়ির মেয়ে।"

এই সিনেমাটি দিয়ে সিফাত আমিন শুভরও চলচ্চিত্রে যাত্রা শুরু হচ্ছে।

এই অভিনেতা বলেন, "ঝুটপট্টি ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ সবার কাছেই পরিচিত। মিরপুরে থাকার কারণে এই বিষয়টি আমার খুব চেনাজানা। অভিনয়ের ক্ষেত্রে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি না হলেও গল্পটি অনেকের কাছে পরিচিত মনে হবে।"

এর মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম আইটেম গান 'ছাপ্পা'। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।