২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পঞ্চানারী আখ্যান’ আবার মঞ্চে

অভিনেত্রী রোজী সিদ্দিকীর ভাষায়, ‘নারী’ নয়, ‘মানুষ’ পরিচয়ে বাঁচার স্পৃহা আর আর্তনাদ ধ্বনিত হয়েছে এ নাটকে।

‘পঞ্চানারী আখ্যান’ আবার মঞ্চে

পঞ্চনারী আখ্যানে অভিনেত্রী রোজী সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 02:55 PM

Updated : 28 Aug 2022, 03:06 PM

পাঁচ নারীর যাপিত জীবনের গল্প ‘‘পঞ্চনারী আখ্যান’ নিয়ে আবারও মঞ্চে আসছে ঢাকা থিয়েটার।

ঢাকার সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালায় রোববার এ নাটকের মঞ্চায়ন হবে। হারুন রশীদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। একক অভিনয় করেছেন রোজী সিদ্দিকী।

তিনি বলেন, কন্যা-জায়া-জননী, নারীর জীবন আবদ্ধ এই তিন পরিচয়। পরিচয়ের এই গণ্ডি নিয়েই ‘পঞ্চনারী আখ্যানে’র আবর্তন। নিপীড়ন-নির্যাতনের যাঁতাকলে পিষ্ট হওয়া জীবন থেকে মুক্তি পেতে এবং বৈষম্যের বেড়াজাল অতিক্রম করে ‘নারী’ নয়, ‘মানুষ’ পরিচয়ে বাঁচার স্পৃহা ও আর্তনাদ ধ্বনিত হয়েছে এ নাটকে।

ঢাকা থিয়েটারের সুবর্ণজয়ন্তী উপলক্ষে পুরনো বেশ কিছু নাটক নতুন করে মঞ্চে আনার পরিকল্পনা হয়েছে বলে জানান রোজী সিদ্দিকী।

তিনি বলেন, ‘বনপাংশুল’, ‘যৈবতী কন্যার মন’ আবার মঞ্চে আনার জন্য এখন মহড়া চলছে।

Image

নাটকে একক অভিনয় শিল্পী রোজী সিদ্দিকী

নাটকের মঞ্চপরিকল্পনা করেছেন আফজাল হোসেন। শিমূল ইউসুফ ও চন্দন চৌধুরী আছেন সংগীত পরিকল্পনায়। আর পোশাক পরিকল্পনায় কাজ করছেন নাসরিন নাহার; আলোক পরিকল্পনার দায়িত্বে ওয়াসিম আহমেদ।

মঞ্চ আর টেলিভিশনে ব্যস্ত সময় কাটছে রোজী সিদ্দিকীর। তিনি জানালেন, ‘বউ শাশুড়ি’ নামে একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন এখন। আকাশ রঞ্জনের পরিচালনায় নাটকটি দেখাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী।

এছাড়া সরদার রোকনের পরিচালনায় ‘আপনি এখনো মরেন নাই’ নামের আরেকটি এক ঘণ্টার টিভি নাটকেও রোজী অভিনয় করেছেন। প্রযোজনা করেছেন রোকেয়া প্রাচী।

কয়েকটি সিনেমা নিয়েও আলাপ চলছে বলে জানালেন এই অভিনেত্রী। আগামী মাসে কুয়াকাটায় একটি সিনেমার শুটিং শুরু হতে পারে বলে তিনি জানিয়েছেন।