২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষকে প্রাণীর প্রতি মানবিক করতে নগ্ন হলেন অ্যালিসিয়া সিলভারস্টোন

দুই দশকের ক্যারিয়ারে সিনেমায় কখনও নগ্ন হননি এই অভিনেত্রী

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2022, 11:48 AM

Updated : 01 Jan 2023, 06:12 PM

দুই দশক আগে চলচ্চিত্রে নাম কুড়ানোর শুরু থেকেই মার্কিন অভিনেত্রী অ্যালিসিয়া সিলভারস্টোন নিজেকে পরিচিত করে তুলেছেন একজন প্রাণী অধিকার কর্মী হিসেবে। প্রাণী অধিকারের পক্ষে কাজ করা সংগঠন পেটার জন্য আবারও নগ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন হলিউডের এই ভিগান তারকা।

অ্যালিসিয়া সিলভারস্টোনের ফটোশুটের একটি বিহাইন্ড দ্য স্ক্রিন ভিডিও প্রকাশ করেছে পেটা। সেখানে এই অভিনেত্রীর পরনে শুধুই তার নিজের চামড়া, তবে পা দুটে ঢাকা নকল ফারের একজোড়া বুটে।

সিএনএন জানিয়েছে, প্রাণীর চামড়া দিয়ে মানুষের জন্য বিলাসী পরিধেয় তৈরির বিরুদ্ধে পেটার এই প্রচারাভিযান। এর স্লোগান তারা ঠিক করেছে: “বরং কিনুন ক্যাকটাস, মাশরুম বা অ্যাপল লেদার। পরুন ভিগান।”

গবেষণাগারে, খাবার কিংবা পরিধেয় তৈরির জন্য মানুষ যেভাবে প্রাণীর প্রতি অমানবিক হয়ে ওঠে, সেই বৈপরিত্য স্মরণ করিয়ে দিয়ে মানুষকে সচেতন করতে এবং ভিগান জবিনধারায় উৎসাহিত করতে কাজ করছে ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস’ বা পেটা।

ভিগানরা শুধু নিরামিষাশী নন, ভিগানিজম হল এক জীবনধারা, যেখানে প্রাণী ও প্রাণিদেহ থেকে তৈরি সব খাবার ও পণ্য বর্জন করা হয়।

এর আগে ২০২০ সালেও আহারে মাংস বর্জনের আহ্বানে পেটার প্রচারাভিযানে নগ্ন হয়েছিলেন ব্যাটম্যান অ্যান্ড রবিনের অভিনেত্রী অ্যালিসিয়া সিলভারস্টোন।

পেটার প্রকাশ করা এবারের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “প্রাণীদের প্রতি আপনাদের যত্নশীল করতে আমাকে যদি নগ্ন হতে হয়, তাতেও আমার আপত্তি নেই।”

৪৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, অভিনয় জীবনে তিনি কখনোই নগ্ন হয়ে পর্দায় আসেননি। কিন্তু তিনি পৃথিবী সম্পর্কে সচেতন হতে চান, মানুষকে সচেতন করতে চান, সে কারণেই তার এই নগ্নতা।

“ভিগান, প্রকৃতিবান্ধব এই পণ্য উপকরণগুলো বিখ্যাত ডিজাইনারদের হাতে তুলে দেওয়ার স্বপ্ন দেখি আমি। প্রাণীর চামড়ার পরীধেয় অঙ্গে তোলার চেয়ে নগ্ন থাকা ভালো।”