ঋণের চাপ, মামলা করলেন নিতিনের স্ত্রী
নেহার দাবি, ধার শোধ করার জন্য ঋণদাতা সংস্থার পক্ষ থেকে সৃষ্ট মানসিক চাপের কারণেই আত্নহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন নিতিন।
তার নাম জড়িয়ে আছে ‘লগন’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘যোধা আকবর’, ‘দেবদাস’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো দর্শকপ্রিয় সব সিনেমার সঙ্গে। তার কাজ ছিল সিনেমার সেট তৈরি করা। কাজে অপ্রতিদ্বন্দ্বী এই শিল্প নির্দেশক গত বুধবার করজাতে নিজের স্টুডিওতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিতিনের মৃত্যর পর থেকেই তার ওপর ২৫২ কোটি টাকা উণের চাপের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে। বলা হচ্ছে, দেনা শোধ করতে নিজের এনডি স্টুডিও বন্ধক রেখেছিলেন নিতিন। আর্থিক অনটনের কারণে হতাশাগ্রস্ত হয়েই আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
এ বিষয়টিকে বিবেচনায় নিয়েই এবার আইনের দ্বারস্থ হলেন নিতিনের স্ত্রী নেহা দেশাই। তার দাবি, ধার শোধ করার জন্য ঋণদাতা সংস্থার পক্ষ থেকে সৃষ্ট মানসিক চাপের কারণেই আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তার স্বামী।
সম্প্রতি নেহা ঋণদাতা সংস্থা ইসিএল ফাইন্যান্সের প্রধানসহ পাঁচজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মহারাষ্ট্রের রায়গড় থানায় মামলা ঠুকে দিয়েছেন বলে পিটিআই জানিয়েছে।
এফআইআরে বলা হয়েছে, নিতিন তার কোম্পানির জন্য নেয়া ঋণের জন্য মানসিক হয়রানির শিকার হয়েছিলেন। যে কারণে আত্মহত্যার পথ বেছে নেন।
এদিকে নিতিনের মৃত্যুতে শোক প্রকাশ করে ইসিএল ফাইন্যান্স কোম্পানি এক বিবৃতিতে বলেছে, তারা আরবিআই নির্ধারিত সমস্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করেছে। উচ্চ সুদের হার বা ঋণ পরিশোধের জন্য অযাচিত চাপ প্রয়োগ করেনি। এমনকি তারা আইনসিদ্ধ নিজস্ব প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করেছে, যদিও তা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ ছিল।
তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য পূর্ণ সহযোগিতা করার নিশ্চয়তাও দিয়েছে।
নিতিন মূলত মারাঠি ও হিন্দি সিনেমাতে কাজ করতেন। তার তৈরি করা দুর্দান্ত সব সেট, স্টুডিও দেখা গেছে ‘লগন’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘যোধা আকবর’, ‘দেবদাস’, ‘প্রেম রতন ধন পায়ো’ ইত্যাদি সিনেমায়।
নিতিনের করা সেরা কাজের মধ্যে ‘সালাম বম্বে’, ‘আকেলে তুম আকেলে হাম’ অন্যতম।
প্রোডাকশন ডিজাইনার হিসেবেও বেশ বিখ্যাত ছিলেন নিতিন। আশুতোষ গোয়ারিকর, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা বানসালির মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন তিনি।
গুণী এই শিল্পী তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা আর্ট ডিরেকশনের জন্য। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
