২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিস আর্জেন্টিনা ও মিস পুয়ের্তো রিকো এখন বিবাহিত জুটি

মারিয়ানা ভারেলা এবং ফ্যাবিওলা ভ্যালেন্তিনোর আলাপ দু বছর আগে, ২০২০ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায়।

মিস আর্জেন্টিনা ও মিস পুয়ের্তো রিকো এখন বিবাহিত জুটি

মিস আর্জেন্টিনা মারিয়ানা ভারেলা এবং সাবেক মিস পুয়ের্তো রিকো ফ্যাবিওলা ভ্যালেন্তিনো

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 11:53 AM

Updated : 04 Nov 2022, 11:55 AM

দুই বছর আগে প্রথম দেখা মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের মঞ্চে; দুই তরুণীর বন্ধুত্বের কথা সোশাল মিডিয়াও জানত; সবাইকে অবাক করে সাবেক মিস আর্জেন্টিনা মারিয়ানা ভারেলা এবং সাবেক মিস পুয়ের্তো রিকো এবার জানালেন, বিয়েটাও তারা সেরে ফেলেছেন গোপনে।

সাবেক মিস আর্জেন্টিনা মারিয়ানা ভারেলা এবং সাবেক মিস পুয়ের্তো রিকো ফ্যাবিওলা ভ্যালেন্তিন তাদের বিয়ের দিনের ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টাগ্রামে এক পোস্টে ভ্যালেন্তিন স্প্যানিশ ভাষায় লিখেছেন, “আমাদের সম্পর্ক গোপন রেখেছি অনেক দিন। অবশেষে বিশেষ এক দিনে নিজেদের কথা মেলে ধরলাম সবার সামনে।”

২৮ অক্টোবর ইনস্ট্রাগ্রামে পোস্ট করা ভিডিওতে সাদা পোশাকে দুজনকে দেখা যায় পুয়ের্তো রিকোর সান হুয়ান শহরের আদালতের বাইরে। সেখানেই তারা বিয়ের কাজটি সেরেছেন।

দুই বিউটি কুইনের প্রেমের দিনগুলোর অন্তরঙ্গ কিছু ছবিও দেখা যায় সেখানে। সৈকত ধরে একসঙ্গে হেঁটে যাওয়া, আলিঙ্গন আর চুম্বন, আংটি পরিয়ে দেওয়া, শ্যাম্পেন টোস্ট আর সোনালি রুপালি বেলুন দিয়ে পরস্পরকে প্রস্তাব দেওয়ার ছবি রয়েছে সেখানে। সেই বেলুনের গায়ে লেখা, “আমায় বিয়ে করবে?”

 মারিয়ানা ভারেলা এবং ফ্যাবিওলা ভ্যালেন্তিনের প্রথম আলাপ হয় ২০২০ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায়।

ভারেলা আর্জেন্টিনার এবং ভ্যালেন্তিন পুয়ের্তো রিকোর প্রতিনিধিত্ব করেন ওই প্রতিযোগিতায়। মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে সেরা দশে জায়গা করে নেওয়া দুজনের বন্ধুত্ব প্রকাশ পেতে থাকে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তারা যে ডেট করছেন, ভক্তরা সেটা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি।

ভিডিও দিয়ে তারা বিয়ের খবর প্রকাশ করার পর অনেকেই তাদের অভিনন্দন জানাচ্ছেন। ঘানার গায়িকা ও মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২০ এর বিজয়ী আবেনা অ্যাকুবাও তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

ভক্তদের একজন লিখেছেন, “ওহ মাই গড! অভিনন্দন!

আরেক শুভাকাঙ্খী লিখেছেন, “শুভেচ্ছা, আপনারা সুখী হোন। আপনাদের প্রেম দীর্ঘজীবী হোক। “