রণবীরকে ‘গাছের’ সঙ্গে তুলনা করেছিলেন অমিতাভ
মুম্বাইয়ে এক অনুষ্ঠানে রণবীরকে প্রশ্ন করা হয়, অতীতে তিনি এমন কোনো পোশাক পরেছিলেন কি না, যার জন্য প্রায়ই তাকে ‘আফসোস’ করতে হয়।
ফ্যাশনে বরাবরই ‘ব্যতিক্রমী’ বলিউডি নায়ক রণবীর সিং। তার সাজ-পোশাকের বাহার
কারো মতে ‘উদ্ভট’, কেউ আবার বলেন দারুণ ‘সাহসী’। পোশাকের কারণে তিনি ট্রলেরও শিকার হন। কিন্তু সব ছাপিয়ে পোশাক নিয়ে মেগাস্টার অমিতাভ ব্চ্চনের একটি মন্তব্য ‘গালি বয়’ রণবীরের মনের মধ্যে গেঁথে আছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুম্বাইয়ে এক অনুষ্ঠানে রণবীরকে প্রশ্ন করা হয়, অতীতে তিনি এমন কোনো পোশাক পরেছিলেন কি না, যার জন্য প্রায়ই তাকে ‘আফসোস’ করতে হয়।
এই প্রশ্নে কিছুটা থমকে গিয়ে তারপর রণবীর বলেন, “জানেন, আমাকে একবার একজন গাছ ভেবে নিয়েছিলেন।“
এ কথায় উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য চুপ করে যান, তারপর পুরো ঘটনা বলার জন্য রণবীরকে চেপে ধরেন।
রণবীর বলেন, “একবার দামি একটি স্যুট পরে এক অনুষ্ঠানে গিয়েছিলাম। ভাবটা এমন ছিল, যেন বিশ্বের সেরা স্যুট পরেছি। সেখানে অমিতাভজিও (অমিতাভ বচ্চন) ছিলেন।
“তারপর আমি বিগ বিকে জিজ্ঞেস করলাম, ‘স্যার, আমাকে দেখতে কেমন লাগছে?’ তিনি বললেন, ‘বাবা, তোমাকে একটা গাছের মত দেখাচ্ছে’।”
রণবীরের এই গল্পে হাসিতে ফেটে পড়েন সবাই।
মুম্বাইয়ের অনুষ্ঠানটি ছিল ‘ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশনস’-এ। মুক্তি প্রতীক্ষিত ‘রকি অউর রানী কী প্রেম কাহানি’ সিনেমার প্রচারে সেখানে গিয়েছিরে রণবীর।
এদিকে ‘রকি অউর রানী কী প্রেম কাহানি’ সিনেমার প্রচারে দম ফেলার ফুরসত নেই আলিয়া, রণবীর সিং, করণ জোহরদের।
মুম্বাই ছাড়াও দিল্লি, কলকাতাসহ দেশের পাঁচটি বড় শহর ঘুরে ঘুরে তারা সিনেমার প্রচারণা চালাচ্ছেন।
‘গালিবয়’ সিনেমার পর ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে পর্দায় ফের জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর সিং।
করণের এই সিনেমায় আলিয়া এক বাঙালি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। আলিয়ার চ্যাটার্জি পরিবারের সদস্য শাবানা আজমি, টোটা রায় চৌধুরী, নমিত দাস ও চূর্ণী গাঙ্গুলী।
অন্যদিকে আছে সিনেমায় তার প্রেমিকা রণবীরের রান্ধাওয়া পরিবার; সেখানে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, আমির বশির, ক্ষিতি জোগ ও অঞ্জলি আনন্দকে দেখা গেছে।
আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রকি অউর রানী কী প্রেম কাহানি’ সিনেমাটি।
