নতুন সঙ্গীর সেলফিতে ঋত্বিক, সুজান চুম্বনে
বিচ্ছেদের পর দুজনই নতুন সঙ্গী বেছে নিয়েছেন।
ঋত্বিক রোশান আর সুজান খানের পথ দুই দিকে গেছে বেঁকে, আলাদা পথে দুজনেরই এসেছে নতুন সঙ্গী, এবার নিজ নিজ বর্তমান সঙ্গীকে নিয়ে দীপাবলি উদযাপনে দেখা গেল সাবেক এই দম্পতিকে।
সুজানের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর ঋত্বিক বেশ কিছু দিন ধরেই সাবা আজাদের সঙ্গে ধরা পড়ছেন পাপারাজ্জিদের ক্যামেরায়।
তবে ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে বরাবরই চেপে থাকেন এই বলিউড তারকা। তবে এবার দীপাবলিতে তাদের প্রেমের গুঞ্জন আরও প্রকাশ্য হল।
হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীপাবলি উপলক্ষে প্রেমিক হৃত্বিক রোশনের সঙ্গে একটি সেলফি তুলে নিজের ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন সাবা। লিখেছেন, ‘শুভ দীপাবলি’। সেই ছবিতে দুজনকে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা গেছে।
হৃত্বিকের সঙ্গে নবাগত অভিনেত্রী সাবার প্রেমের গুঞ্জন ছড়ায় গত ফেব্রুয়ারিতে তাদের একসঙ্গে এক ডিনারে দেখে। এরপর চলচ্চিত্র পরিচালক করণ জোহরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে হাতে হাত রেখে তাদের পাশাপাশি হাঁটা সেই গুঞ্জন অনেকটাই সত্যি করে দেয়।
হৃত্বিকের মতো সুজান খানের সঙ্গে অভিনেতা আর্সলান গণির প্রেমের গুঞ্জনও চলছে কয়েক মাস ধরে।
তারা দুজন এ বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও দুদিন আগে টি সিরিজের কর্ণধার কৃষাণ কুমারের দীপাবলি পার্টিতে রাখঢাক আর রাখলেন না সুজান।
জি নিউজ জানিয়েছে, ওই অনুষ্ঠানের আকর্ষণ হয়ে উঠেছিল আর্সলান গনি আর সুজানের চুম্বন। সবার সামনেই আর্সলানকে চুমু খান সুজান, আর তা দেখে আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠলেও তা কেয়ারই করছিলেন না সুজান।
অভিনেতা-নির্মাতা রাকেশ রোশনের ছেলে ঋত্বিক বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গে ২০০০ সালে বিয়ে করেন ইন্টেরিয়র ডিজাইনার সুজানকে। সুজানের বাবা অভিনেতা সঞ্জয় খান, যিনি ‘সোর্ড অব টিপু সুলতানে’ প্রধান চরিত্রে ছিলেন। সুজানের ভাই অভিনেতা জায়েদ খান।
১৪ বছর সংসার করার পর ২০১৩ সালের ডিসেম্বরে বিচ্ছেদ হয় হৃত্বিক-সুজানের। তাদের দুই ছেলে মূলত সুজানের কাছেই থাকে, তবে হৃত্বিকও তাদের সঙ্গ দিতে যান।
বিচ্ছেদ দিয়ে এক সাক্ষাৎকারে সুজান বলেছিলেন, “আমরা জীবনের এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম, যখন আমার মনে হয়েছে আমাদের একসঙ্গে না থাকলেই ভালো হবে। একটি মিথ্যা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া উচিৎ নয়।”
সুজানের ভাষ্যে, বিচ্ছেদ তাদের সন্তানদের সঙ্গে বোঝাপড়ায় কোনো সমস্যা সৃষ্টি করেনি।
“আমি আর হৃত্বিক প্রায়ই কথা বলি, যদিও একসঙ্গে ঘুরে বেড়াই না আগের মতো। সবচেয়ে বড় কথা, বাচ্চাদের ব্যাপারে আমরা দুজনই খুব সচেতন। আমরা একে অপরের প্রতি সম্মানটাও বজায় রেখেছি। যখন বাচ্চাদের প্রসঙ্গ আসে, তখন নিজেদের মধ্যকার দূরত্ব এক পাশে সরিয়ে ওদের গুরুত্ব দেওয়াই শ্রেয়।”
