Published : 10 Jul 2023, 12:59 AM
কলকাতার অভিনেতা দেব তার আসন্ন সিনেমা ‘প্রধান’ এর জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন। আর তা ভক্তদেরও জানিয়েছেন।
রোববার ফেইসবুকে জিমে ট্রেডমিলে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। ঘেমে একাকার খালি গায়ের সে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন, “নতুন চরিত্রের জন্য নতুন পরিবর্তন প্রয়োজন। পরের কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেটাই এই মুহূর্তে প্রধান।”
‘প্রধান’ পরিচালনা করবেন অভিজিৎ সেন। সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করবেন সৌমিতৃষা। আগামী মাসেই ‘প্রধান’র শুটিং শুরু হওয়ার কথা। ফলে সময় নষ্ট না করে সিনেমার প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই অভিনেতা।
এছাড়াও অগাস্টে ব্যোমকেশ রূপে বড় পর্দায় দেখা যাবে দেবকে। এর পরই পুজায় মুক্তি পাবে ‘বাঘাযতীন’।
আনন্দবাজার বলেছে, ‘বাঘাযতীন’ এর জন্যও নিজের শরীর ও লুকের পরিবর্তন এনেছিলেন দেব।
এদিকে ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ মিটিয়ে দেব-রুক্মিণী মিত্র জুটিকে নিয়ে আবারও সিনেমা বানাবেন সৃজিত মুখার্জি। তবে এই খবরের সূত্রপাত করেছে সোশ্যাল মিডিয়ায় দেবের একটি ছবি ও পোস্ট।
ওই ছবিতে দেব এবং রুক্মিণীর সঙ্গে রয়েছেন সৃজিত। ছবির ক্যাপশনে দেব লিখেছেন, “অবশেষে সব চূড়ান্ত। আমরা আসছি আগামী বছরে।”
এই সময়ের মধ্যে অনেকবার সৃজিতের সিনেমায় দেবের কাজের খবর শোনা গেলেও শেষমেশ সেসব সত্যিই হয়নি।