৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

রাভিনার ‘এক দো তিন’ নাচে মুগ্ধ মাধুরী

‘এক দো তিন’ নেচে সোশ্যাল মিডিয়ায় ‘আলোড়ন’ তুলেছেন হিন্দি সিনেমার এক সময়ের নায়িকা রাভিনা ট্যান্ডন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2023, 02:32 PM

Updated : 01 May 2023, 02:32 PM

নব্বইয়ের দশকে ‘তেজাব’ সিনেমায় মাধুরী দীক্ষিতের ঝড় তোলা গান ‘এক দো তিন’ নেচে সোশ্যাল মিডিয়ায় ‘আলোড়ন’ তুলেছেন হিন্দি সিনেমার এক সময়ের নায়িকা রাভিনা ট্যান্ডন।

রাভিনার সেই নাচের ভিডিওতে দারুণ খুশি হয়ে রাভিনাকে ভালোবাসা জানিয়েছেন মাধুরী।

ইনস্টাগ্রামে পোস্ট করা রাভিনার ভিডিওতে দেখা গেছে, শর্ট স্কার্টে হাই হিলে ‘এক দো তিন’ গানের সঙ্গে স্টেপ মেলাচ্ছেন রাভিনা।

ক্যাপশনে লিখেছেন, শুটিং সেটে দারুণ মজা করছেন তারা। মাধুরীকে সবার মনের ‘রানি’ হিসেবে বর্ণনা করে রাভিনা লিখেছেন, “মাধুরীজি আমি তোমাকে ভালোবাসি।“

ওই ভিডিও দেখে প্রথম কমেন্টটি করেছেন মাধুরীই।

লিখেছেন, “এই মাত্র দেখলাম, কত ভালো আর কি দুর্দান্ত নাচো তুমি।“

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও পুরনো গানকে ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ জানিয়েছেন রাভিনাকে। অনেকে সেই ভিডিও নিজেদের অ্যাকাউন্টে শেয়ারও করেছেন।

গত ২৯ এপ্রিল ছিল আন্তর্জাতিক নৃত্য দিবস। দিনটি ঘিরে নৃত্যশিল্পীরাতো বটেই বলিউডের নায়িকারাও নাচের ভিডিও শুট করেছেন। সে সব ভিডিও পোস্ট করেছেন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও।

বাদ যাননি মাধুরীও, ভক্ত অনুরাগীদের জন্য নেচেছেন তিনিও।

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন মাধুরী ও রাভিনা। ওই ‘হিট’ সিনেমায় অমিতাভ বচ্চন এবং গোবিন্দও অভিনয় করেছিলেন।