২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পর্দার মা’ সুলোচনার মৃত্যুতে শ্রদ্ধা অমিতাভের

৯৪ বছর বয়সী এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন।

‘পর্দার মা’ সুলোচনার মৃত্যুতে শ্রদ্ধা অমিতাভের

অমিতাভ বচ্চন ও সুলোচনা লাটকার

Shahria Bappy Shahria Bappy

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2023, 03:49 PM

Updated : 05 Jun 2023, 04:58 PM

ভারতের বর্ষীয়ান অভিনেত্রী সুলোচনা লাটকারের প্রয়াণে তাকে শ্রদ্ধা জানালেন পর্দায় তার ছেলের ভূমিকায়ং অভিনয় করা অমিতাভ বচ্চন।

পদ্মশ্রী খেতাবপ্রাপ্ত এই অভিনেত্রী দীলিপ-অমিতাভদের ‘পর্দার মা’ হিসেবেই বেশি জনপ্রিয় ছিলেন।

রোববার মুম্বাইয়ের দাদরের এক বেসরকারি হাসপাতালে সুলোচনার মৃত্যু হয়। ৯৪ বছর বয়সী এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

অভিনেত্রীর মেয়ে কাঞ্চনা ঘানেকর মৃত্যুর খবরটি নিশ্চিত করে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

সোমবার কিংবদন্তী এই অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়ে অভিতাভ তার অফিসিয়াল ব্লগে একটি পোস্ট শেয়ার করেন বলে পিংকভিলা জানিয়েছে।

প্রবীণ এই অভিনেতা স্মৃতিকাতরতা নিয়ে লেখেন, “চলচ্চিত্র জগতের আরেক মহান ব্যক্তিকে হারালাম আমরা। বেশ কিছুদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন। সুলোচনাজির মতো কোমল, উদার ও যত্নশীল একজন মা, যিনি আমার সাথে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন; আজ বিকেলে স্বর্গবাসী হলেন। পরিবারের কাছ তার শারীরিক অবস্থার খোঁজ রাখছিলাম আমি। অবশেষে এমন দুঃখজনক খবর পেতে হল। এই পরিস্থিতিতে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই আমাদের।”

Image

একাধিক সিনেমায় অমিতাভে মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সুলোচনা

১৯৪৪ সালে মারাঠি সিনেমা ‘মারাঠি করনা’ মধ্য দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন সুলোচনা। প্রধান চরিত্রে অভিনয় করেন ‘জীবন শাখা’,‘বাল্মিকী’র মতো হিট মারাঠি সিনেমায়। এছাড়াও বলিউডে ‘অউরত তেরি এহি কাহানি’,‘মহাত্মা কবীর’, 'সজনি', ‘সতী অনুসূয়া’, ‘অব দিল্লি দূর নেহি’র মতো জনপ্রিয় সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।

ত্রিশের কোঠায় পা দেওয়ার পরপরই পরবর্তী তিন দশক বিমল রায়, দেবানন্দ, সুনীল দত্ত, রাজেশ খান্না থেকে অমিতাভ বচ্চনের মতো সুপারস্টারদের মায়ের চরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে।

প্রায় সাত দশক ব্যাপী সিনেমা ক্যারিয়ারে তিনশর বেশি সিনেমায় কাজ করেছেন সুলোচনা। ১৯৯৯ সালে তাকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয়। ২০০৪ সালে ফিল্মফেয়ারের পক্ষ থেকে পান আজীবন কৃতি সম্মান। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল সঞ্জয় লীলা বনসালি পরিচালিত সিনেমা ‘বাজিরাও মস্তানি’তে।