১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এবার পুষ্পাকে দেখে বাঘও পাচ্ছে ভয়

আল্লু অর্জুনের সিনেমাটির প্রথম টিজার প্রকাশ পেয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2023, 03:02 PM

Updated : 08 Apr 2023, 03:02 PM

মুক্তি পেল আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রুল’র প্রথম টিজার, যেখানে বাঘকেও পুষ্পাকে দেখে ভয় পেতে দেখা গেছে।

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আলু অর্জুন ও রাশমিকা মান্দানার প্রথম সিনেমাটি সুপারহ্টি হওয়ার পর এবার আসছে সিকুয়েল।

শুক্রবার আল্লু অর্জুনেরর জন্মদিন উপলক্ষে নতুন পোস্টারের পাশাপাশি সিনেমার প্রথম টিজার প্রকাশ হয় বলে এনডিটিভি জানিয়েছে।

‘পুষ্পা কোথায়?’ সিরিজ থেকে নতুন টিজারটি প্রকাশ করেছে নির্মাতারা। ভিডিওতে বন্দুকের গুলিতে আহত পুষ্পাকে জেল থেকে পালাতে দেখা গেছে। শত চেষ্টা করেও তাকে ধরতে ব্যর্থ হয় পুলিশ।

এদিকে পুষ্পার কোনো খোঁজ না পেয়ে তার সমর্থকরা ঐক্যবদ্ধভাবে বিক্ষোভে নামে। বিশৃঙ্খল পরিস্থিতি মাঝেই এক ঝলকের জন্য জঙ্গলে দেখা মেলে পুষ্পার,যেখানে তাকে দেখে বাঘেরাও ভয়ে দূরে সরে যায়।

টিজারটি শেষ হয় পুষ্পার ঐতিহাসিক পোজের মধ্যদিয়ে। পর্দায় সিনেমার নাম ভেসে উঠার পরপরই পুষ্পা কণ্ঠে শোনা যায়, “এটাই পুষ্পার নিয়ম।”

টিজারে পুষ্পা চরিত্রটিকে এতটাই শক্তিশালী ও রোমহর্ষকভাবে উপস্থাপন করা হয়েছে যে, নিমেষেই তা দর্শকদের মনোযোগ কেড়ে নিয়েছে, লিখেছে এনডিটিভি।

একই দিনে প্রকাশ পাওয়া ‘পুষ্পা ২’র পোস্টারে অদ্ভুত বেশে দেখা গেছে আল্লুকে। পরনে শাড়ি, গলায় লেবুর মালা জড়িয়ে, লাল টকটকে কপালে দেখা গেছে তাকে। জোড়া ভ্রুর মাঝে এঁকে নিয়েছে চন্দনের ফোঁটা। সারা গায়ে গয়না জড়িয়ে বন্দুক হাতে ক্যামেরায় সোজা তাকিয়ে রয়েছেন পুষ্পা।

ইন্সটাগ্রামে তার এই ‘লুক’ শেয়ার করে অল্লু লিখেছেন, “পুষ্পার রাজ শুরু হল!”

‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিসে ঝড় তুলেছিল ২০২১ সালে। তখনই ঘোষণা দেওয়া হয়েছিল ‘পুষ্পা: দ্য রুল’ নামে হবে এর দ্বিতীয় পর্ব।

এবারও পুষ্পার ভূমিকায় আল্লু অর্জুন। তার প্রেমিকা শ্রীবল্লীর চরিত্রে রাশমিকাও বদলে যাননি। অভিনয় করছেন মালায়লাম তারকা ফাহাদ ফাসিলসহ অনেকে।

বলিউড নায়িকা দিশা পাটানিকে একটি আইটেম গানে দেখা যাবে। সিকুয়েলের প্রথমটিতে আইটেম গানে ঝড় তুলেছিলেন সামান্থা রুথ প্রভু।

সিকুয়েলে পুষ্পার জীবন কাহিনী তুলে ধরা হচ্ছে। তার শৈশব এবং পরিবারের সঙ্গে সম্পর্ক স্পষ্ট করা হবে। আছে পুলিশের সঙ্গে অ্যাকশন দৃশ্যও।

২০০ কোটি রুপি বাজেটের ‘পুষ্পা: দ্য রাইজ’ আয় করে প্রায় সাড়ে চারশ কোটি রুপি। আর ‘পুষ্পা: দ্য রুলের’ বাজেট ৪০০ কোটি রুপি।

নির্মাতা আনুষ্ঠানিকভাবে সিনেমা মুক্তির ঘোষণা না দিলেও ইঙ্গিত দিয়েছেন ২০২৪ সালে হলে আসবে ‘পুষ্পা: দ্য রুল’।

কিছুদিন আগেই ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা সুকুমার। শোনা গিয়েছিল,এখন পর্যন্ত যতটুকু শুটিং হয়েছে, তাতে পরিচালক সন্তুষ্ট নন। শুটিং পরিকল্পনা নতুন করে ঢেলে সাজাতে চাইছেন তিনি।