‘বলিউড শিল্পীর কারণে’ অনুষ্ঠানে ঢুকতে বাধা, ক্ষুব্ধ শিলাজিৎ
অ্যাওয়ার্ডটা শিলাজিৎ তার বাথরুমে রেখে দিয়েছেন।
কলকাতায় এক অনুষ্ঠানে বলিউড শিল্পীর কারণে নিজের হেনস্তা হওয়ার কথা প্রকাশ্যে আনলেন সংগীতশিল্পী শিলাজিৎ, সেই সঙ্গে উগড়ে দিলেন মনের ক্ষোভ।
কয়েক মাস আগে এক গানের অনুষ্ঠানে আড্ডার ছলে কলকাতার অ্যাওয়ার্ড শো নিয়ে নিজের সেই তিক্ত অভিজ্ঞতা তিনি প্রকাশ্যে আনেন। সে ভিডিও ভাইরাল হলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে তা নিয়ে প্রতিবেদন করেছে।
ভারতের ওটিটি চ্যানেল প্ল্যাটফর্ম এইটের গান পয়েন্ট শো-তে শিলাজিৎ জানান, শুধু কলকাতায় না, গোটা ভারতবর্ষে বেশ সম্মানের একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন শিলাজিৎ। তিনি নমিনি হওয়ায় তাকে ভিভিআইপি পাস দেওয়া হয়েছিল। তার অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল। অথচ তিনি ঢুকতে গেলে তাকে নিরাপত্তা রক্ষী আটকে দেয়। মুম্বাইয়ের এক শিল্পীর নিরাপত্তার কারণে তাকে ঢুকতে দেওয়া হয়নি।
শিলাজিতের ভাষ্যে, “তৎক্ষণাৎ আমি আমার কার্ডটা সিকিউরিটি অফিসারের হাতে ধরিয়ে দিয়েছিলাম। বলেছিলাম আমার নাম শিলাজিৎ। বাই চান্স যদি কেউ আমাকে খোঁজে, আপনি দায়িত্ব নিয়ে বলে দেবেন। আমি চললাম।
“আমি চলে আসছি, তখন ওদেরই এক সংগঠক আমাকে দেখে এগিয়ে আসে। বলে এ কী তুমি বাড়ি চলে যাচ্ছ! তুমি তো অ্যাওয়ার্ড পাবে। আমি তোমাকে ঢুকিয়ে দিচ্ছি। আমি ওকে বলেছিলাম, তুই কে বে শালা, আমাকে ঢোকাবি। আমি নিজের যোগ্যতায় ঢুকব। সসম্মানে। এমন অ্যাওয়ার্ড পেয়ে লাভ কী? মুম্বাইয়ের শিল্পী এসেছে বলে পশ্চিমবঙ্গের শিল্পীকে আটকে দিবি!”
“এর থেকে ভালো লাগে, যখন আমি ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। ভিড় আমায় তুলে ধরার চেষ্টা করে। ওদের ঘামের সঙ্গে আমার ঘাম মিশে যায়,” বলেন জনপ্রিয় এই গায়ক।
শিলাজিৎ জানান, সেই অ্যাওয়ার্ডটা তিনি তার বাথরুমে রেখে দিয়েছেন।
