Published : 26 Aug 2022, 09:25 PM
অভিনয়ের পাশাপাশি কয়েকটি সিনেমায় অমিতাভ বচ্চনের ভরাট গলার গান ভক্তদের মনে থাকবে, বলিউডের এই মহাতারকা এবার আসছেন সুরকার হয়ে।
আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আর বাল্কি পরিচালিত রোমান্টিক সাইকোপ্যাথ থ্রিলার ‘চুপ'। বৃহস্পতিবার প্রকাশিত এর ফার্স্ট লুকেই জানা গেছে অমিতাভ বচ্চনের নতুন পরিচয়ে আত্মপ্রকাশের কথা।
সিনে ম্যাগাজিন বলিউড হাঙ্গামা লিখেছে, গল্প আর গল্প বলার কৌশলে মৌলিকত্ব, মূল ধারার বাণিজ্যিক সিনেমায় নতুন ধারণার অবতারণার জন্য পরিচিতি পেয়েছেন নির্মাতা আর বাল্কি। ‘চুপ’ তার এযাবৎকালের সবচেয়ে উচ্চাভিলাষী চলচ্চিত্র হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এই উচ্চাভিলাষ বাজেটের বিবেচনায় নয়, চিন্তায় খোরাক জোগাবার প্রত্যাশায়।
অমিতাভ আর টাবুকে নিয়ে ‘চিনি কম’ বানানোর পরই ‘চুপ’ এর গল্পটা বাল্কির ভাবনায় আসে। তবে লেখার কাজে হাত দেন আরও পরে।
বাল্কি বলেন, “একাধিক কারণে ‘চুপ’ আমার কাছে বিশেষ কিছু। সবচেয়ে বড় কারণটি হল, ‘চুপ’ এর মধ্য দিয়েই সুরকার হিসেবে অমিতাভ বচ্চনের আত্মপ্রকাশ ঘটছে।”
কীভাবে এটা সম্ভব হল, সে গল্পও বলেছেন বাল্কি। তিনি জানান, চুপ দেখার পর ‘অমিত জি’ একেবারে সহজাতভাবে তার পিয়ানোতে ওই সুরটি তুলে ফেলেন।
“এটা হল এ চলচ্চিত্রের প্রতি তার অনুভূতি আর সম্মান জানানোর ভাষা। তার ওই সুর এ সিনেমার জন্য একটি উপহার, এটা হবে ‘চুপ’ এর শেষ টাইটেল ট্র্যাক।”
আর বাল্কির নতুন ছবিতে দেখা যাবে সানি দেওল, দুলকির সালমান, শ্রেয়া ধন্বন্তরী এবং পূজা ভাটকে। প্রযোজনা করেছেন রাকেশ ঝুনঝুনওয়ালা, অনিল নাইডু, ডক্টর জয়ন্তীলাল গাদা (পেন স্টুডিওস) এবং গৌরী শিন্ডে। পরিচালনার পাশাপাশি সিনেমার মূল গল্প আর বাল্কি নিজেই লিখেছেন। চিত্রনাট্য আর সংলাপে তিনি সঙ্গী হিসেবে নিয়েছেন রাজা সেন ও ঋষি বীরমানিকে। সংগীত পরিচালনায় ছিলেন এসডি বর্মণ, অমিত ত্রিবেদী, স্নেহা খানওয়াকার ও আমান পান্ট।