০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সুহানার ‘ভেরোনিকা লুকে’ উচ্ছ্বসিত করণ-শ্বেতা

‘দ্য আর্চিস’ সিনেমায় ‘ভেরোনিকা লজ’ চরিত্রে সুহানা খান, আর্চি অ্যান্ড্রুজ চরিত্রে অগস্ত্য নন্দা, বেটি কুপারের চরিত্রে খুশি কাপুর এবং জুগহেড জোন্স হয়ে আসছেন বেদাং রায়না।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2023, 01:48 PM

Updated : 16 Aug 2023, 04:23 PM

‘দ্য আর্চিস’ সিনেমা নিয়ে একটু একটু করে সুতো ছাড়ছেন নির্মাতা যোইয়া আখতার। কখনও গানের ভিডিও ক্লিপ, কখনও বা টিজার ছেড়ে দর্শকদের প্রতিক্রিয়া যাচাই করছেন।

এবার তিনি প্রকাশ করলেন সিনেমার অভিনয় শিল্পীদের ‘লুক’। আর তাতে শাহরুখ কন্যা সুহানার চরিত্র ‘ভেরোনিকা লজের’ লুক দেখে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা করণ জোহর, শ্বেতা বচ্চন ও করিনা কাপুর।

এনডিটিভি জানিয়েছে, ‘দ্য আর্চিস’ এর চরিত্রদের লুক যোইয়া শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

বলিউডের তিন নবাগতর অভিষেক হতে যাচ্ছে যোইয়ার হাত ধরে এই সিনেমায়।

সুহানা ছাড়াও শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর এবং মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা অভিনয় করেছেন ‘দ্য আর্চিস’ সিনেমায়। শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্য।

এজন্য সিনেমাটি ঘিরে কেবল দর্শক নয়, ফিল্মি পাড়ার মানুষদেরও আগ্রহ আছে।

সুহানার ছবি প্রকাশ করে জোয়া লিখেছেন, ”আমাদের ভোরোনিকা লজ এসে গেছেন।“

কমেন্টে করণ লিখেছেন, “সেরা ছবি। বাচ্চাদের দেখতে অসাধারণ লাগছে। সুহানাকে দেখে আমি মুগ্ধ।“

একগুচ্ছ ‘হার্ট’ ইমোজি দিয়ে শ্বেতা লিখেছেন, ‘ওয়াও’।

“ওয়াও যোইয়া! সেরা সেরা!” লিখে ভালোবাসা জানিয়েছেন কারিনা কাপুর।

সিনেমায় আর্চি অ্যান্ড্রুজ চরিত্রে অগস্ত্য, বেটি কুপারের চরিত্রে খুশি কাপুর ও জুগহেড জোন্সের চরিত্রে বেদাং রায়না রয়েছেন।

‘দ্য আর্চিস’ মুক্তি পাবে নেটফ্লিক্সে। প্রাথমিকভাবে চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনা নিয়ে কাজকর্ম সারছেন যোইয়া ও তার টিম।

এদিকে মুক্তির আগে সুহানা ও অগস্ত্যর প্রেমের গুজবও রটেছে। তবে এ বিষয়ে তারা কেউ মুখ খোলেননি।

বলিউডে পা রাখার আগেই সুহানা পরিচিত বাবার জনপ্রিয়তার কারণে। এছাড়া সোশাল মিডিয়ায় নিত্যনতুন ছবি ও ভিডিও দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন সুহানা। সেসব ছবি দিয়ে ইনস্টাগ্রামের পাতা থেকে সুহানা জায়গা করে নেন ম্যাগাজিনের প্রচ্ছদমুখেও।

বিজ্ঞাপনেও কাজ করেছেন সুহানা। কয়েকদিন আগেই একটি আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডের লিপস্টিকের বিজ্ঞাপনে কাজ করে বিদ্রূপের শিকার হন এই তরুণী।

বিজ্ঞাপনে শ্যাম বর্ণের সুহানাকে ধবধবে ফর্সা দেখা যায়। ‘কালার কারেকশনের’ মাধ্যমে গায়ের রঙ ফর্সা করা হয়েছে বলে এই অভিনেত্রীকে ব্যঙ্গ করেছেন অনেকে।

এদিকে প্রথম সিনেমা মুক্তির আগেই শাহরুখ কন্যার দ্বিতীয় কাজের খবরও মিলছে। অ্যাকশন-থ্রিলার সিনেমায় বাবা শাহরুখ খানের সঙ্গে প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের সিনেমায় দেখা যাবে সুহানাকে।

নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এখন চলছে নির্মাণের প্রস্তুতি পর্ব। শাহুরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিসের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে মারফিক্স পিকচার্স।

পুরনো খবর

পুরানো খবর:

বিজ্ঞাপনে ফর্সা সুহানা কটাক্ষের শিকার
সুহানা-খুশি-অগস্ত্যা এবং ‘দ্য আর্চিস’
১৩ কোটি রুপিতে জমি কিনলেন ‘কৃষিবিদ’ সুহানা খান
অ্যাকশন-থ্রিলারে মেয়ে সুহানার সঙ্গে আসছেন শাহরুখ