১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৩ কোটি রুপিতে জমি কিনলেন ‘কৃষিবিদ’ সুহানা খান

জমির রেজিস্ট্রিতে নিজেকে কৃষিবিদ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

১৩ কোটি রুপিতে জমি কিনলেন ‘কৃষিবিদ’ সুহানা খান

মেয়ে সুহানা খানের সঙ্গে শাহরুখ খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 09:49 PM

Updated : 23 Jun 2023, 09:49 PM

বাবা ‘বলিউড কিং’, মেয়ে এখনও অভিষেকের অপেক্ষায়; সিনেমায় অভিষেকের আগেই বাবার বাংলোর পাশে ‘কৃষি জমি’ কিনে আলোচনায় এলেন শাহরুখকন্যা সুহানা খান।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সম্প্রতি মুম্বাইয়ের আলিবাগের থল গ্রামে তিনটি বাড়িসহ দেড় একর জমি কেনেন ২৩ বছর বয়সী এই অভিনেত্রী। প্রায় ১৩ কোটি রুপিতে আরেক প্রবীণ অভিনেত্রী দুর্গা খোটের বংশধরের কাছ থেকে ওই জমি কেনেন তিনি।

গত ১ জুন নিবন্ধন পাওয়া এই জমির জন্য সুহানাকে প্রায় সাড়ে ৭৭ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে।

আর জমি রেজিস্ট্রেশনের সময় তিনি নিজের পরিচয় ‘কৃষিবিদ’ লিখেছেন বলে ভারতের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

হিসাব অনুযায়ী, তার কেনা এই দেড় একর ফসলি জমিতে দুই হাজার ২১৮ বর্গ ফুটের স্থাপনা রয়েছে।

এদিকে জমিটি কেনা হয়েছে দেজা-ভু ফার্ম প্রাইভেট লিমিটেডের নামে। প্রতিষ্ঠানটির পরিচালনায় রয়েছেন শাহরুখ খানের শাশুড়ি সবিতা চিব্বর এবং তার মেয়ে নমিতা চিব্বর আছে তত্ত্বাবধানের দায়িত্বে।

Image

সুহানা খান ও শাহরুখ খান

আলিবাগের এই থল গ্রামে শাহরুখ খানের কেনা একটি বাংলোও রয়েছে; পাশাপাশি জুহি চাওলা, অনুশকা শর্মা ও রণবীর সিংসহ অনেক তারকারই জমি রয়েছে ওই গ্রামে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, গ্রামটিতে অগণিত পাম গাছ ও খোলা সমুদ্র সৈকত থাকা সত্ত্বেও অপরিকল্পিত নির্মাণের কারণে প্রাকৃতিক পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে।

তবে খান পরিবারের কেনা বাংলোটি অনেকটা পুরনো ধাঁচেই রাখা হয়েছে; আর তা প্রকৃতির সঙ্গে ভালভাবে মিশেও যায়। বাংলোতে সুইমিং পুল ও একটি হেলিপ্যাড রয়েছে। শাহরুখ খান নিজের ৫২তম জন্মদিন সেখানেই উদযাপন করেছিলেন।

সম্প্রতি সুহানা অভিনীত ‘দ্য আর্চিস’ সিনেমার দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করা হয়েছে; জয়া আখতার পরিচালিত এই সিনেমার মধ্য দিয়েই বলিউডে আত্নপ্রকাশ হবে সুহানার। আগামী নভেম্বরে সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

পুরানো খবর:

সুহানা-খুশি-অগস্ত্যা এবং ‘দ্য আর্চিস’

পুরানো খবর:

স্কুটিতে বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেন সুহানা