নির্মাতা আতিক জামান গ্রেপ্তার
“হয়রানিমূলক মামলায় বিনা অপরাধে যেন আতিকের মতো মেধাবী নির্মাতার জীবন এলোমেলো না হয়,” ফেইসবুকে লিখেছেন নির্মাতা রেদওয়ান রনি।
ঢাকায় মহাখালী এলাকা থেকে নির্মাতা আতিক জামানকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শনিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তিনি বনানী ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।”
আতিকের গ্রেপ্তারের খবর জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন নির্মাতা রেদওয়ান রনি। সেখানে তিনি আতিকের সততা, নিষ্ঠা ও নির্মাণের প্রশংসা করেন।
রেদওয়ান রনি লেখেন, “আতিক ছোট্ট একটা ছেলে, যখন নির্মাতা হওয়ার জন্য আসে, তখন থেকেই একটা ব্যাপারে সব সময় সজাগ ছিল, সেটা হলো সততা আর নিষ্ঠা। নির্মাণে প্রচণ্ড মেধাবী আর এরকম সৎ একটা ছেলে সচরাচর দেখা যায় না।”
রাজনৈতিক জটিলতার মতো বিষয়ে আতিককে জড়িয়ে গ্রেপ্তার করাটা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
আতিকের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রেদওয়ান রনি।
তিনি লেখেন, “আতিক শারীরিকভাবেও অসুস্থ। হয়রানিমূলক কোনো মামলায় বিনা অপরাধে যেন আতিকের মতো মেধাবী নির্মাতার জীবন এলোমেলো না হয়। আতিকের মুক্তি চাই।”
চলতি বছরের ৫ মার্চ মুক্তি পায় আতিক জামানের ওয়েব ফিল্ম ‘মিউ’। এছাড়া ২০২৩ সালে তার পরিচালনায় ‘জাহান’ এবং ২০১২ সালে ‘চোরাবালি’ নামে দুটো ফিল্ম মুক্তি পায়।
