নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
১০ মাসের বেশি সময় নির্বাসনে থাকার পর দেশে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই নেত্রী লিখেছেন, “আমি এখানে। আপনাদের সঙ্গে।”
নিজ দেশে ফিরেছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো।
১০ মাসের বেশি সময় নির্বাসনে থাকার পর রোববার দেশে ফেরার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে নিশ্চিত করেছেন তিনি।
এক্সে এক পোস্টে মাচাদো লিখেছেন, “আমি এখানে। আপনাদের সঙ্গে।”
তার মিত্র ও নির্বাসিত প্রেসিডেন্ট প্রার্থী এডমান্ডো গনজালেস কয়েক মিনিটের মধ্যেই খবরটি নিশ্চিত করে জানিয়ে লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি, আমাদের নেতা, আমার প্রিয় মারিয়া কোরিনা এখন ভেনেজুয়েলার মাটিতে।”
তিনি আরও লেখেন, “আজ ভেনেজুয়েলাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের সার্বভৌম কণ্ঠস্বর ফিরে এসেছেন, এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে ও পথ দেখাতে। খুব শিগগিরই আমি তার সঙ্গে যোগ দেব, যাতে দেশ সত্যিকার অর্থে স্বাধীনতার পথে এগিয়ে যেতে পারে।”
২০২৫ সালের শেষ দিকে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য গোপনে ভেনেজুয়েলা ছাড়ার পর থেকে নির্বাসনে ছিলেন মাচাদো। তার এক সহযোগী জানান, দেশে ফেরার জন্য মাচাদো সাতবার চেষ্টা করেছেন। কিন্তু ভেনেজুয়েলা কর্তৃপক্ষ প্রতিবার তাকে বাধা দিয়েছে।
মাচাদো নোবেল শান্তি পুরস্কার নিতে ভেনেজুয়েলা ছেড়ে নরওয়ে যাওয়ার এক মাস পর গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে ফৌজদারি অভিযোগে বিচার করতে নিউ ইয়র্কে নিয়ে যায়।
ওই অভিযান চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছিলেন মাচাদো। তবে যুক্তরাষ্ট্র মাচাদোকে নয় বরং মাদুরোর ডেপুটি ডেলসি রদ্রিগেজকেই অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ভেনেজুয়েলা পরিচালনায় সমর্থন দিয়েছে।
