‘ইয়ে কালি কালি আঁখে’র গীতিকার দেব কোহলির জীবনাবসান
মৃত্যুর দশদিন আগেও নানাবিধ অসুস্থতায় কারণে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ভারতের প্রবীণ গীতিকার দেব কোহলি মারা গেছেন।
দেব কোহলির মুখপাত্র প্রীতম শর্মার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শনিবার মুম্বাইয়ে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে এই গীতিকারের জীবনাবসান হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।
বেশ কয়েক মাস ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন দেব। মাঝে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাকে। দিন দশেক আগে বাড়িতে পরিবারের কাছে ফেরেন তিনি।
শনিবার মুম্বাইয়ের লোখন্ডওয়ালায় জুপিটার অ্যাপার্টমেন্টের বাড়িতে দেবের শেষ দর্শনের আয়োজন করেছে তার পরিবার। ওইদিনই যোগেশ্বরী পশ্চিমের ওশিয়ারায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।
ম্যায়নে প্যয়র কিয়া, বাজিগর, জুড়ুয়া ২, মুসাফির, শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা ও ট্যাক্সি নম্বর ৯১১-এর মতো হিট সিনেমার গান লিখেছেন দেব।
অনু মালিক, রাম লক্ষ্মণ, আনন্দ রাজ আনন্দের মতো সঙ্গীত পরিচালকদের সঙ্গে প্রায় ১০০টিরও বেশি গান উপহার দিয়েছেন তিনি।
দেব ১৯৬৯ সালে বলিউডে গীতিকার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন। তবে প্রাথমিকভাবে গীতিকার হিসেবে নাম ও যশ অর্জন করতে না পারলেও ‘ম্যায়নে প্যার কিয়া’ সিনেমার ‘আজা শাম হোনে আয়ি’, ‘কবুতর যা যা যা’-এর মতো গান তাকে জনপ্রিয় করে তোলে।
তার কয়েক বছর পরে ‘বাজিগর’ সিনেমার ‘ইয়ে কালি কালি আঁখে’ গানটি তাকে সব বয়সের অনুরাগীদের কাছে পৌঁছে দেয়।
