২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূনের নাটক-সিনেমা অনুমতি ছাড়া প্রদর্শন বন্ধের দাবি শাওনের

মেহের আফরোজ শাওন বলেন, “হুয়ায়ূন আহমেদ কত বড়মাপের একজন লেখক, পরিচালক ও গীতিকার ছিলেন, কত বড়মাপের সৃষ্টিশীল সত্তা ছিলেন, তার শূন্যতা তার অনুপস্থিতে এখন অনুধাবন করা যায়।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 09:40 PM

Updated : 20 Jul 2023, 02:31 PM

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটক-সিনেমা অনুমতি ছাড়া বিভ্ন্নি ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউবে প্রদর্শন করায় দুঃখ প্রকাশ করেছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন।

হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে বুধবার গাজীপুরের নুহাশ পল্লীতে আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে শাওন বলেন, “হুমায়ূন আহমেদ চলে গেছেন ১১ বছর।  খুবই দুঃখজনক হলেও সত্য হুমায়ুন আহমদের বহু নাটক, সিনেমা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলে কোনো চুক্তি ছাড়াই প্রদর্শন করা হচ্ছে।

“হুমায়ুন আহমদ বেঁচে থাকতেও তারা এসবের জন্য অনুমতি নেয়নি, মৃত্যুর পরও তার উত্তরাধিকার কারো সাথে চুক্তি বা মৌখিক অনুমতিও নেয়নি। দেশের এসব ওটিটি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি। তাদের একজনকে উকিল নোটিসও পাঠিয়েছি, কিন্তু তিনি এটি গ্রহণ করেননি এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।”

ওটিটি প্ল্যাটফর্মে অনুমতি ছাড়া হুমায়ূন আহমেদের নাটক-সিনেমা প্রদর্শন বন্ধের দাবি জানান শাওন।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জম্মগ্রহণ করেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।

২০১২ সালে ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান।

মেহের আফরোজ শাওন বলেন, “হুয়ায়ূন আহমেদ কত বড়মাপের একজন লেখক, পরিচালক ও গীতিকার ছিলেন, কত বড়মাপের সৃষ্টিশীল সত্তা ছিলেন, তার শূন্যতা তার অনুপস্থিতে এখন অনুধাবন করা যায়।”

হুমায়ূন আহমেদের একাদশ মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে তার কবর জিয়ারত, কবরে  পুষ্পস্তবক অর্পণ, কোরা তেলাওয়াত, মিলাদ এবং এতিমখানা ও মাদ্রাসার ২৫০ শিক্ষার্থীর মধ্যে খাবার বিতরণ করাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই ছেলে নিনিত ও নিষাদকে নিয়ে প্রয়াত লেখকের কবর জিয়ারত করেন। এসময় গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান রীনা পারভিনসহ হুমায়ূন আহমেদের স্বজন, শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন।