০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ইতালির লুক্কা উৎসবে সেরা সিনেমা সুমিতের ‘মাস্টার’

‘মাস্টার’ সিনেমার চিত্রনাট্যে সুমিত তুলে ধরেছেন বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এক শিক্ষক জহিরের উত্থানের গল্প।

ইতালির লুক্কা উৎসবে সেরা সিনেমা সুমিতের ‘মাস্টার’

‘মাস্টার’ সিনেমার দৃশ্য। ছবি : নির্মাতার সৌজন্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 11:21 PM

Updated : 05 Oct 2026, 11:21 PM

ইতালির লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিতের 'মাস্টার' সিনেমাটি।

পুরস্কার জেতার খবরটি জানিয়ে রেজওয়ান শাহরিয়ার সুমিত গ্লিটজকে বলেন, "লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্রের পুরস্কারটি আমরা জিতে নিয়েছি, এটা আমার জন্য দারুণ খবর। ‘মাস্টার’ সিনেমাটি সবার কাছে গ্রহণযোগ্য ও অর্থবহ হওয়ার আরেকটি বড় প্রমাণ আমাদের এই অর্জন।"

সুমিত বলেন, ২২তম এ আসরের জুরি বোর্ডে ছিলেন অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ফ্রাঙ্কা স্কুয়ার্সিয়াপিনো (সিরানো দে বের্জেরাক), লিথুয়ানিয়ান পরিচালক ও প্রযোজক শারুনাস বার্তাস এবং ইতালীয় অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার মিকেলে রিওনদিনো।

জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, "বিশ্বের বিভিন্ন দেশের দুর্দান্ত সিনেমার মধ্যে আমার টিমের সকলের কঠোর পরিশ্রমকে মূল্যায়ন করার জন্য বিচারকমণ্ডলীর কাছে আমি কৃতজ্ঞ। আমার পুরো কলাকুশলী টিমের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, এই অর্জন আমাদের সবার।!"

‘মাস্টার’ সিনেমার চিত্রনাট্যে সুমিত তুলে ধরেছেন বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এক শিক্ষক জহিরের উত্থানের গল্প। যার জীবনে সংসার, কলেজ আর ছোট পরিবার; এই নিয়েই তার পুরো পৃথিবী।

জনগণের সমর্থন নিয়ে জহির মোহগঞ্জের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়। ক্ষমতার সঙ্গে আসে নানা ধরনের চাপ। নির্বাচনে সহায়তাকারীরা একে একে অন্যায্য সুবিধা চাইতে থাকে। কাউকে না বলতে পারেন না জহির, আবার তার বিবেকও সায় দেয় না।

এই দ্বন্দ্ব বদলে দেয় জহিরকে। আদর্শবাদ দিয়ে শুরু হওয়া তার যে পথচলা, তা ধীরে ধীরে রূপ নেয় কর্তৃত্ববাদী মানসিকতায়। শিক্ষক জহিরের সরল জীবন জড়িয়ে পড়ে জটিল এক বাস্তবতায়। এমনই গল্পে এগিয়ে যায় সিনেমাটি।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল, মাহমুদ আলম।

রেজওয়ান শাহরিয়ার সুমিতের গল্পে ১২২ মিনিট দৈর্ঘ্যের মাস্টার সিনেমাটির চিত্রনাট্য করেছেন সাব্বির হোসেন শোভন ও নির্মাতা নিজে।

চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রোডাকশন ডিজাইনার হিসেবে ছিলেন ভারতের জোনাকি ভট্টাচার্য; সঙ্গীত পরিচালনা করেছেন তাইওয়ানের হাও টিং শিহ।

প্রযোজনা প্রতিষ্ঠান মাইপিক্সেলস্টোরি ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

সুমিতের পরিচালিত প্রথম চলচ্চিত্র 'নোনাজলের কাব্য'। সরকারি অনুদানে নির্মিত 'নোনাজলের কাব্য' ২০২১ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জিতে নেয়।