২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোয়ার ধরতে এক মাসে আসছে ৯ সিনেমা

সেপ্টেম্বরজুড়ে প্রতি সপ্তাহেই দুটি করে সিনেমা উঠবে বড় পর্দায়। এদিকে হাওয়া সিনেমা কাঁপাবে উত্তর আমেরিকাও।

জোয়ার ধরতে এক মাসে আসছে ৯ সিনেমা

টিজার মুক্তির পর সোশাল মিডিয়াতে চলছে আলোচনা

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 06:17 PM

Updated : 01 Sep 2022, 06:29 PM

হলে দর্শকদের হুমড়ি খাওয়া জোয়ার থাকতে থাকতেই পরিচালক-প্রযোজকরা হাতে থাকা সিনেমা মুক্তি দিতে ঝাঁপিয়ে পড়েছেন।

এই সেপ্টেম্বর মাসেই মুক্তির কাতারে রয়েছে তারকা ঝলমলে নয়টি সিনেমা।

রূপালি পর্দায় এসব সিনেমায় দেখা যাবে জয়া আহসান, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, ইমন, সিয়াম, সাইমনকে।

সঙ্গে নিশাত নাওয়ার সালওয়া, হুমায়রা সুবাহর মত নতুন শিল্পীরাও বড় পর্দায় নিজেদের কাজ দর্শকদের দেখানোর জন্য ক্ষণ গুনছেন।

‘ভাইয়ারে’ আসছে ২ সেপ্টেম্বর

আগামী শুক্রবার হলে আসছে ভাইয়ারে সিনেমাটি। রাসেল মিয়া, এলিনা, জারা, সাখাওয়াত সাগর, শবনম পারভীন, বড়দা মিঠুসহ এক ঝাঁক কম পরিচিত মুখ নিয়ে এ সিনেমা পরিচালনা করেছেন রবিকুল আলম রকিব।

পরিচালক বললেন, “ভাই-বোনের বন্ধন কত গভীর হতে পারে তা এ সিনেমায় দেখানো হবে। এটি একটি সামাজিক সিনেমা। এছাড়া মাদকের বিরুদ্ধে বার্তা দেওয়া হয়েছে এ সিনেমায়।”

‘লাইভ’ এবং ‘ও মাই লাভ’ আসছে দ্বিতীয় সপ্তাহে

শামীম আহমেদ রনি পরিচালিত ‘লাইভ’ এবং আবুল কালাম আজাদ পরিচালিত ‘ও মাই লাভ’ বড় পর্দায় দেখা যাবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে।

Image

লাইভ নিয়ে আসছে মাহিয়া মাহি ও সাইমন সাদিক

লাইভ প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। সায়মন সাদিক ও মাহিয়া মাহি অভিনয় করেছেন এ সিনেমায়। আরও আছেন আদর আজাদ, খাইরুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম।

প্রযোজনা প্রতিষ্ঠান বলছে, লাইভ একটি ‘সাইকো থ্রিলার’ ঘরানার সিনেমা। একটি হত্যাকাণ্ডে ফেঁসে যান মাহি। তাকে বাঁচানোর মিশনে নামেন সাইমন সাদিক। এভাবে এগিয়ে যায় গল্প।

‘ও মাই লাভ’ সিনেমায় দেখা যাবে পশ্চিমবঙ্গের দুই শিল্পী ঋদ্ধিশ ও সাবর্ণীকে। তাদের সঙ্গে আছেন বাংলাদেশের আলী রাজ, অমিত হাসান, অরুণা বিশ্বাস, অমৃতা, বিপাশা কবির, বড়দা মিঠু।

‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘বীরত্ব’ আসছে ১৬ সেপ্টেম্বর

মাঝ সেপ্টেম্বরে একই দিনে মুক্তি পেতে চলা দুটি সিনেমাতেই দেখা যাবে নিশাত নাওয়ার সালওয়াকে।

১৬ সেপ্টেম্বর মুক্তির তালিকায় থাকা স্বপ্নে দেখা রাজকন্যা পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।

আরো অভিনয় করেছেন আদর আজাদ চৌধুরী, মৌসুমী মিথিলা, আলী রাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলি।

ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাইদ খান। প্রযোজনা করেছেন মৌসুমী আক্তার মিথিলা।

একই দিনে মুক্তি পেতে চলেছে সাইদুল ইসলাম রানা পরিচালিত বীরত্ব। এতে নিশাত নাওয়ার সালওয়ার বিপরীতে অভিনয় করেছেন মামনুন ইমন।

নিপুণ আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, বড়দা মিঠু, কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, মুনতাহা এমিলিয়াসহ আরো অনেককে নিয়ে এ সিনেমাকে ‘তারকাবহুল’ বলছে বীরত্ব সিনেমা টিম।

দুই ছবিতে জমজমাট চতুর্থ সপ্তাহ

মাসের চতুর্থ সপ্তাহে মুক্তির কাতারে রয়েছে সোশাল মিডিয়াতে আলোচিত ও প্রতিক্ষিত দুটি সিনেমা।

মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে ২৩ সেপ্টেম্বর।

সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমায় জয়া আহসানের বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ ও এবিএম সুমনকে।

এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, মনিসা অর্চি।

বাংলাদেশের সার্কাস শিল্পকে ঘিরে এক নারীর রোমাঞ্চকর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত সিনেমা বিউটি সার্কাস।

Image

জয়া আহসানকে দেখা যাবে বিউটি সার্কাসে

তথ্য মন্ত্রণালয়ের পাশাপাশি এর প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এরইমধ্যে এর টিজার প্রকাশ হয়েছে।

২৩ সেপ্টেম্বর মুক্তির দিন গুনছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’।

সুন্দরবন জলদস্যুমুক্ত করার জন্য র‌্যাবের দীর্ঘদিনের অভিযান নিয়ে এগিয়েছে এই সিনেমার কাহিনী।

অভিনয় করেছেন- রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, আরমান পারভেজ মুরাদ, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, নরেশ ভূঁইয়াসহ আরো অনেকে।

‘অপারেশন সুন্দরবন’ প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

৩০ সেপ্টেম্বরে ‘বসন্ত বিকেল’ ও ‘ঈশা খাঁ’
মাসের শেষ দিনেও হলে আসছে দুই সিনেমা। তার একটি রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’। অন্যটি ডায়েল রহমানের ‘ঈশা খাঁ’।

‘বসন্ত বিকেল’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন শিপন মিত্র ও নবাগতা শাহ হুমায়রা সুবাহ।

সংখ্যালঘু তিনটি মানুষের স্বপ্ন, হতাশা, হাহাকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

আরও অভিনয় করেছেন-ওমর সানী, শাহনূর, সুচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন সামসুজ্জামান রিমন।

Image

সেপ্টেম্বরের শেষ দিন বড় পর্দায় আসছে বসন্ত বিকেল

মোগল শাসন আমলে সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক ও বারো ভূঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ। তিনি বাংলায় স্বাধীনভাবে জমিদারি স্থাপন করেন। এরপর তৎকালীন মোঘল সম্রাট আকবরকে খাজনা বা কর দিতে অস্বীকৃতি জানান। পরে তা নিয়ে একের পর এক সংঘর্ষ বাঁধে।

সেই ঐতিহাসিক ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত সিনেমা ‘ঈশা খাঁ’ মুক্তি পাচ্ছে ৩০ সেপ্টেম্বর।

এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও ডিএ তায়েব। এসজি প্রোডাকশনের প্রযোজনায় এতে আরো অভিনয় করেছেন অমিত হাসান, ডন, রেবেকা, আনহা তামান্না প্রমুখ।

হাওয়া চলেছে বিদেশে

গত ঈদে মুক্তি পাওয়া পরাণ এখনো দর্শক টানছে। দেশ কাঁপিয়ে উত্তর আমেরিকায় ঝড় তুলতে চলেছে হাওয়া।

শুক্রবার থেকে আমেরিকা-কানাডার ১১৭টি থিয়েটারে হাওয়া প্রদর্শিত হবে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো।