২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজব ছড়াবেন না, অনুরোধ গায়ক আকবরের স্ত্রীর

আকবরের পা রেখেই তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন স্ত্রী।

গুজব ছড়াবেন না, অনুরোধ গায়ক আকবরের স্ত্রীর

কণ্ঠশিল্পী আকবর আলী গাজী

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2022, 06:46 PM

Updated : 20 Sep 2022, 06:46 PM

ইত্যাদি খ্যাত গায়ক আকবর আলীর পা কেটে ফেলা হয়েছে বলে যে গুজব ছড়িয়েছে, তাতে বিরক্ত তার স্ত্রী কানিজ ফাতেমা।  

 মঙ্গলবার সকাল থেকে সোশাল মিডিয়ায় এ্মন গুজব দেখে সবার কাছে তিনি অনুরোধ করেছেন এই ধরনের ভিত্তিহীন খবর না ছড়াতে।

কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত আকবর এখন সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন।

কানিজ ফাতেমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসরা সর্বোচ্চ চেষ্টা করছেন পা রক্ষা করার জন্য। সোমবার অস্ত্রোপচার হয়েছে, তবে পা কাটতে হয়নি।

“আমাদের পরিবার এমনিতেই খুবই মানসিক চাপের মধ্যে আছি। এর মধ্যে এসব খবর আমাদের আরও বেশি যন্ত্রণা দিচ্ছে।”

ফেইসবুকে কানিজ ফাতেমা লিখেছেন, “সবাই আকবরকে ভালোবাসেন আমি জানি। উনার অসুস্থতার কথা শুনে চিন্তিত হতেই পারেন, এটা স্বাভাবিক। কিন্তু সবার কাছে অনুরোধ, আমার কাছে না জিজ্ঞাসা করে কেউ ভুল তথ‍্য ছড়াবেন না।”

কিছু সাংবাদিক তার সঙ্গে কথা না বলেই তার বরাতে খবর দিচ্ছেন বলেও অভিযোগকরেন কানিজ।

তিনি বলেন, “আমি সারাদিন ওকে নিয়ে ব‍্যস্ত থাকি। আমার মেয়ে মাঝেমাঝে আপনাদেরকে তো আপডেট দিচ্ছে। তাহলে আমাদের কাছ থেকে না জেনে কেন ভুল তথ‍্য ছড়াচ্ছেন?

“সকাল থেকে আমি ফোন রিসিভ করতে করতে নাজেহাল। আমি বলেছি, পায়ে পচন ধরেছে। হয়ত পা কেটে ফেলতে হবে। কিন্তু ডাক্তাররা চেষ্টা করছে পাটা যেন রাখা যায়। এখনও পা রেখেই প্রতিদিন চিকিৎসা চলছে।”

পুরনো খবর:

ইত্যাদির সেই আকবরের অবস্থার অবনতি, চিকিৎসা চালাতে হিমশিম