২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইত্যাদির সেই আকবরের অবস্থার অবনতি, চিকিৎসা চালাতে হিমশিম

কিডনি অকেজো হওয়ার পর কণ্ঠশিল্পী আকবরের ডান পায়ে পচন ধরেছে।

ইত্যাদির সেই আকবরের অবস্থার অবনতি, চিকিৎসা চালাতে হিমশিম

কণ্ঠশিল্পী আকবর আলী গাজী

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2022, 02:59 PM

Updated : 19 Sep 2022, 02:59 PM

কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ‘ইত্যাদির’ গায়ক আকবর আলী গাজীর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় বিপদে পড়েছে তার পরিবার।

গত বুধবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ‘একদিন পাখি উড়ে’ গানটি গেয়ে পরিচিতি পাওয়া আকবর। 

তার স্ত্রী কানিজ ফাতেমা সোমবার গ্লিটজকে বলেন, “তার পায়ে পচন ধরেছে। চিকিৎসকরা চেষ্টা করছেন পা বাঁচানোর জন্য। তবে পচন বাড়লে পা কেটে ফেলতে হবে। না হলে এই পচন শরীরে সংক্রমিত হয়ে আরও খারাপ অবস্থা হবে।”

চিকিৎসার খরচ যোগাড় করাই এখন কঠিন হয়ে পড়েছে জানিয়ে কানিজ ফাতেমা বলেন, “সরকারের কাছে সহযোগিতা চাওয়ার মুখও তো আর আমাদের নাই। সরকার তো আর্থিক সহযোগিতা করেছে। এখন আর কীভাবে সাহায্য চাই? কোন মুখে সাহায্য চাইব? কোনো কিছুই বুঝতে পারছি না, কিভাবে কী করব।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবরের চিকিৎসার জন্য এর আগে ২২ লাখ টাকার সঞ্চয়পত্র দেন, সেই অনুদানের অর্থেই এতদিন আকবরের চিকিৎসা চলেছে বলে জানান কানিজ।

Image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন আকবর

আকবারকে নিয়ে বিভিন্ন পত্রিকায় লেখালেখি হওয়ার কারণে অনেকে ব্যক্তিগতভাবেও সহযোগিতা করেছেন বলে জানান তার স্ত্রী। তবে ব্যয়বহুল এই চিকিৎসা করাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। স্বামীর সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

গত শুক্রবার আকবরের মেয়ে অথৈ ফেইসবুকে লিখেছিল, “আব্বুর অবস্থা খুবই খারাপ। দুই কিডনি নষ্ট হয়ে গেছে। আর কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আব্বুর ডান পা নষ্ট হয়ে গেছে।”

ঢাকার মিরপুরে পরিবার নিয়ে বাসা ভাড়া করে থাকেন আকবর। ২০০৩ সাল থেকেই ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। কিন্তু বছর পাঁচেক ধরে কিডনির সমস্যা বেড়ে যায়। তখন থেকে স্টেজ শো বাদ দিতে হয়েছে তাকে।

গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে।

প্রথগত পদ্ধতিতে গান না শিখলেও আকবরের ভরাট কণ্ঠের কদর ছিল যশোর শহরে। সে কারণে স্টেজ শো হলে ডাক পেতেন তিনি।

Image

হানিফ সংকেতের সঙ্গে আকবর

২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। সেই গান শুনে মুগ্ধ হয়ে বাগেরহাটের এক ব্যক্তি হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লিখে এই গায়কের কথা জানান। এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে।

ওই বছর ‘ইত্যাদিতে’ কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি আলোচনায় নিয়ে আসে আকবরকে।  পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটিও জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পীকে।