কনসার্টে দেওয়া হবে সবুজ ঢাকার বার্তা
কনসার্টে অংশ নেবে ব্যান্ডদল অর্থহীন, ওয়ারফেজ, শিরোনামহীন, অ্যাশেজ, এভয়েডরাফা, ব্লু জিনস, আপেক্ষিক ও এসেইসকে।
সবুজ ঢাকা গড়ার প্রত্যয়ে আয়োজিত হতে যাচ্ছে কনসার্ট।
আগামী ২৮ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা- আইসিসিবির ৪ নম্বর হলে এই কনসার্ট আয়োজন করতে যাচ্ছে 'ওপলি'।
কনসার্টে প্রায় ছয় মাস পর পারফর্ম করবে জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। গেলো জানুয়ারি মাসে সবশেষ কনসার্টে গান করেছিল 'বেইজ বাবা' খ্যাত সুমনের এই ব্যান্ডদল।
একইসঙ্গে দেখা যাবে ওয়ারফেজ, শিরোনামহীন, অ্যাশেজ, এভয়েডরাফা, ব্লু জিনস, আপেক্ষিক ও এসেইসকে।
বর্তমান সময়ের জনপ্রিয় ৮ ব্যান্ডকে একসঙ্গে করতে 'দ্য আল্টিমেইট রক ফেস্ট ২০২৩' এর আয়োজন করতে যাচ্ছে দেশের ব্র্যান্ডিং জায়ান্ট ওপলি।
শুধু কনসার্ট নয়; তরুণ জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে সবুজ নগর গড়ার লক্ষ্য আয়োজক প্রতিষ্ঠানের। এই চিন্তা থেকে আয়োজনের স্লোগান নির্ধারণ করা হয়েছে, 'গো গ্রিন ঢাকা সিটি'।
সোমবার ওপলি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কনসার্টের বিস্তারিত তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা আদনান চৌধুরী। বিভিন্ন ব্যান্ডদলের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
আদনান চৌধুরী বলেন, “তরুণরা কনসার্টে আগ্রহী, তারা গান শুনতে আগ্রহী। আমরাও চেয়েছি তরুণদের মাধ্যমে গাছ লাগানোর বার্তাটি ছড়িয়ে দিতে।”
এই আয়োজনের বিক্রিত টিকিটের সমপরিমাণ গাছের চারা ঢাকার বিভিন্ন স্থানে লাগানো হবে বলেও জানান তিনি।
ইতোমধ্যে শুরু হয়েছে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম। গেট সেট রক ডটকমে (httpsgetsetrock.combuy-ticketthe-ultimate-rock-fest-2023) প্রাথমিকভাবে আর্লি বার্ডের (অগ্রিম) টিকিট দেয়া হচ্ছে তিন ভাগে। এরমধ্যে রেগুলার টিকিটের দাম ধরা হয়েছে ৬০০ টাকা। আর ৯০০ টাকায় মিলবে ফ্রন্টলাইনার এবং ভিআইপি টিকিটের জন্য খরচ করতে হবে ১৫০০ টাকা।
সংগীতপ্রেমীদের জন্য আয়োজনের প্রবেশদ্বার খুলে দেয়া হবে ২৮ জুলাই দুপুর ১টায়।
কনসার্টের নিরাপত্তা ব্যবস্থায়ও জোর দেওয়া হয়েছে উল্লেখ করে আদনান বলেন, “দর্শক যেন শৃংখলার মধ্য দিয়ে কনসার্ট উপভোগ করতে পারে, তার সব রকম ব্যবস্থা আমরা করব। ভেন্যুতে টিকেট বিক্রি করা হবে না। অনলাইনেই কেবল টিকেট বিক্রি করা হবে।”
ওপলির প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির আল মাহমুদ সানি লিখিত বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তরুণদের মধ্যে সচেতনতামূলক প্রচারণাই আমাদের প্রধান লক্ষ্য। সেই সঙ্গে শহরের উষ্ণতা কমিয়ে বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান উন্নত করতে আমরা বদ্ধপরিকর। তাই প্রিয় এই শহরকে সবুজে সবুজে ভরে দিতে চাই আমরা, এর মাধ্যমে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা বাড়বে ঢাকার। আর বিশ্বে সবুজায়নের মডেল হতে পারে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, কার্বন নিঃসরণ কমানো সম্ভব হলে পরিবেশ দূষণ অনেকটাই কমে যাবে।”
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মই ঢাকার ভবিষ্যৎ। ঢাকার ভাগ্য নির্ধারণ এবং সুন্দর বিশ্ব গড়তে প্রধান ভূমিকা পালন করতে পারে তারাই। তাদের হাত ধরেই নিশ্চিত হবে টেকসই সুন্দর ভবিষ্যৎ।
