‘কান্দাহারের’ জন্য ঝূুকিপূর্ণ ‘ডার্ট বাইকিং’ শিখতে হয়েছে আলী ফজলকে
হলিউডি সিনেমা ‘কান্দাহার’র শুটিংয়ে সোদি আরবের তপ্ত মরুভূমিতে বালি-কাদার মধ্যে বিশেষ কায়দায় মোটরসাইকেল চালাতে হয়েছে ফজলকে।
সিনেমায় নায়ক-নায়িকাদের কেবল অভিনয় আর নাচ-গানে পারদর্শী হলেই হয় না, চরিত্রের প্রয়োজনে নায়কদের অনেক সময় গাড়ি চালানো থেকে শুরু করে মারপিট, উচুঁ ভবন থেকে ঝাঁপ দেওয়াসহ ঝুঁকিপূর্ণ সব স্টান্টের কাজও করতে হয়।
হলিউডের সিনেমা করতে গিয়ে তেমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে হিন্দি সিনেমার অভিনেতা আলী ফজলকে।
হলিউডি সিনেমা ‘কান্দাহার’র শুটিংয়ে সৌদি আরবের তপ্ত মরুভূমিতে বালু-কাদার মধ্যে বিশেষ কায়দায় মোটরসাইকেল চালাতে হয়েছে ফজলকে, যাকে বলে ‘ডার্ট বাইকিং’। কাজটি মোটেও সহজ ছিল না। শুটিংয়ের আগে টানা ২৫ দিন ‘ডার্ট বাইকিং’ চর্চা করতে হয়েছে ফজলকে।
আনন্দবাজার জানিয়েছে, চলতি বছরের ২৬ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘কান্দাহার’। থ্রিলারধর্মী ওই সিনেমার গল্পের কেন্দ্রে আছে যুদ্ধ। ‘কহিল’ নামের এক খলচরিত্রে অভিনয় করছেন ফজল। এই সিনেমা করতে যেয়ে নানা কারণে ফজলের অভিজ্ঞতার ঝুলিও বেশ ভরেছে।
বালু-কাদার মধ্যে বাইক চালানো রপ্ত করলেও এখন ‘ডার্ট বাইকিং’ ভীষণ ভালোবাসার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলেন ফজল।
তিনি বলেন, “শহরের রাস্তায় যে বাইক চালাতাম, তার চেয়ে এটাই বেশি প্যাশনের জায়গা এখন। তবে সিনেমা দেখলে মনে হয়, বাধাহীনভাবে চলছে, ব্যাপারটা তেমন নয়। যখন কান্দাহারের মতো ছবিতে এভাবে বাইক চালিয়েছি, পাশে দারুণ স্টান্ট টিম ছিল। সবটাই সেখানে খুব মাপ করা, পুরো ব্যাপারটাই শিল্পের খাতিরে করা। বাইকটাও খুব সাধারণ।“
স্টান্টের অভিজ্ঞতা তুলে ধরে এই তরুণ অভিনেতা বলেন,“কিন্তু স্টান্টটা সত্যি সত্যিই করতে হয়েছিল আমাদের। মরুভূমির মধ্যে এটা করতে হত। সাজানো কিছু করা সম্ভব ছিল না। তাই ধুলো-কাদার মধ্যে বাইক চালানো সত্যিই শিখতে হয়েছিল। শুটিংয়ের আগে পঁচিশ দিন ধরে আমায় এই কৌশলটা রপ্ত করতে হয়েছিল।”
ফজল বলেছেন, প্রথমে প্রশিক্ষকের কাছ থেকে দেখে নিয়েছিলেন বালুর মধ্যে কিভাবে বাইকটি চালাবেন, তারপর আরও কলাকৌশল রপ্ত করেন ধীরে ধীরে।
অভিনেতার কথায়, “শেষ অবধি অবশ্য স্টান্টটা কত সফলভাবে করা গেল সেটা গুরুত্বপূর্ণ নয়, চরিত্রটি জীবন্ত করে তোলাই আসল কথা ছিল।”
ফজল জানিয়েছেন, তিনি এবং তার স্টান্ট অভিনেতা-দুজন মিলেমিশেই কাজটি করেছেন।
“কঠিন কিছু দৃশ্য ছিল। অনেকটা উঁচুতে চড়া, খাড়া রাস্তায় পাথরের উপর বাইক চালানো, এগুলো তো আমি কখনও করিনি।”
বলিউডে জনপ্রিয়তার পর ফজলের হলিউডি কাজেও দর্শক জনপ্রিয়তা আসে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সিরিজ ‘ডেথ অন দ্য নাইল’ সিরিজ়ে ফজলের অভিনয় দর্শকের মন ছুঁয়েছিল। ‘কান্দাহার’ সিনেমায় জেরার্ড বাটলার, ত্রাভিস ফিম্মেল, নাভিদ নেগাবানের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন ফজল। শিগগির ভারতেও সিনেমাটি মুক্তি পাবে।
