২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় কী করছেন কাজল?

আগামী ৬ এপ্রিল পর্যন্ত শান্তিনিকেতনের সোনাঝুরির হাটসহ আরও কয়েকটি জায়গায় সিনেমার শুটিং হবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2024, 03:05 PM

Updated : 31 Mar 2024, 10:43 AM

মুম্বাইয়ের বাঙালি পরিবার থেকে উঠে আসা নব্বই দশকের সাড়া তোলা নায়িকা কাজলের পা পড়েছে সিটি অব জয়ে।

গত বছরে খবর এসেছিল দীর্ঘসময়ের জন্য কাজল আসছেন কলকাতায়। দীর্ঘসময় মানেই বোঝা যায়, বেড়াতে নয়, নিশ্চই কোনো সিনেমার কাজেই কলকাতা শহরে আসছেন তনুজা কন্যা; আনন্দবাজারও তেমনটাই লিখেছে।

কাজলের নতুন সিনেমা ‘মা’র শুটিংস্পট হল কলকাতা আর শান্তিনিকেতন। আর সেই কাজেই শুক্রবার কলকাতায় এসে শান্তিনিকেতন গিয়েছেন।

আগামী ৬ এপ্রিল পর্যন্ত শান্তিনিকেতনের সোনাঝুরির হাটসহ আরও কয়েকটি জায়গায় সিনেমার শুটিং হবে। 

নির্মাতা বিশাল ফুরিয়ার এই সিনেমায় কাজলের সহশিল্পী হয়েছেন রণিত রায়। প্রযোজনা করছেন কাজলের স্বামী অভিনেতা অজয় দেবগন।

তবে সিনেমার গল্প নিয়ে বিন্দুমাত্র আভাস দিতে রাজি নন পরিচালক ফুরিয়া।

কাজলের মা তনুজা হিন্দি সিনেমা করলেও কলকাতার বাংলা চলচ্চিত্রে ছিলেন সাবলীল। নায়িকার চাচাত বোন রানি মুখার্জি বলিউডে নিজের জমি খুঁজে পাওয়ার আগে কাজ করেছিলেন বাংলা সিনেমায়।

কিন্তু বলিউডে ৩২ বছর কাটিয়ে দেওয়া ‘বাজিগর’ নায়িকা কাজলের কলকাতার সিনেমা নিয়ে আগ্রহের কথা এর আগে শোনা যায়নি।

১৯৯২ সালে বাবা সোমু মুখোপাধ্যায়ের প্রযোজনা এবং পরিচালনায় ‘বেখুদি’ সিনেমা দিয়ে কাজলের বলিউডে আত্মপ্রকাশ।

এরপর অভিনয় দিয়েই বলিউডে স্থান পাকা করে নেন এই অভিনেত্রী। ১৯৯৩ সালে শাহরুখ খানের বিপরীতে কাজলের ‘বাজিগর’ সুপারহিট। তার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ভারতের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার একটি।

কাজল এরপর ‘গুপ্ত’,‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’,‘পেয়ার তো হোনাহি থা’, ‘দুশমন’,‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হাম আপকে দিলমে রেহেতে হে’,‘কাভি খুশি কাভি গাম’,‘ফানা’র মত হিট সিনেমা উপহার দিলেও বাংলা সিনেমায় তার আগ্রহের প্রকাশ দেখা যায়নি।

সবশেষ ‘সালাম ভেঙ্কি’ সিনেমার প্রচারে কলকাতায় এসেছিলেন এ নায়িকা। এ ছাড়াও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে এসেছিলেন তিনি।