২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়াইড অ্যাঙ্গল’: ঢাকার উৎসবে চীনা চলচ্চিত্রের প্রদর্শনী

সোমবার থেকে ওয়াইড অ্যাঙ্গলের ফোকাস কান্ট্রি চীনের চলচ্চিত্রের প্রদর্শনী শুরু হয়েছে, চলবে উৎসবের শেষদিন ২৮ জানুয়ারি পর্যন্ত।

‘ওয়াইড অ্যাঙ্গল’: ঢাকার উৎসবে চীনা চলচ্চিত্রের প্রদর্শনী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ওয়াইড অ্যাঙ্গল’ বিভগের উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 09:13 PM

Updated : 22 Jan 2024, 09:14 PM

দর্শকদের কাছে সমাদৃত হলেও স্বীকৃতি না পাওয়া চলচ্চিত্রকারদের জন্য ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ওয়াইড অ্যাঙ্গল’ নামে যে বিভাগ, তাতে প্রদর্শিত হবে চীনের ১৬টি চলচ্চিত্র।

সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উৎসবের ‘ওয়াইড অ্যাঙ্গল’ বিভগের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি।

আলাদা এই বিভাগ রাখার ক্ষেত্রে ঢাকায় চীনা দূতাবাস এবং সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে সহযোগী হিসেবে পেয়েছে উৎসবের উদ্যোক্তা রেইনবো চলচ্চিত্র সংসদ।

বাংলাদেশসহ ৭৪টি দেশের আড়াইশ চলচ্চিত্র নিয়ে শনিবার দ্বাবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠে।

উৎসবের তৃতীয় দিন সোমবার থেকে ওয়াইড অ্যাঙ্গলের ফোকাস কান্ট্রি চীনের চলচ্চিত্রের প্রদর্শনী শুরু হয়েছে, চলবে উৎসবের শেষদিন ২৮ জানুয়ারি পর্যন্ত।

'নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ'- স্লোগান সামনে রেখে এই উৎসবকে দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় আয়োজন বলা হচ্ছে।

ফিতা কেটে উৎসবের উদ্বোধন করার পর দীপু মনি সাংবাদিকদের বলেন, বিশ্বের প্রথম সারির উৎসবের একটি সাংহাই ফিল্ম ফেস্টিভ্যাল। তারা প্রথমবারের মতো বাংলাদেশের কোনো উৎসবে অংশ নিচ্ছে।

তিনি বলেন, “এখানে তাদের অংশগ্রহণ এই উৎসবের গর্ব ও গৌরব বৃদ্ধি পেয়েছে বলে মনে করছি। চীনা চলচ্চিত্রের সঙ্গে আমাদের দর্শকদের সঙ্গে এমনিতে কিছু পরিচিতি আছে। এই চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে আরও ভালো ভালো চলচ্চিত্রের সঙ্গে ঘনিষ্ঠ পরিচিতি তৈরি হবে।”

বাংলাদেশ ও চীনের হাজার হাজার বছরের সভ্যতার মধ্যে যে সম্পর্ক তা চলচ্চিত্রের মধ্য দিয়ে আরও দৃঢ় হতে পারে বলে মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী।

অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই উৎসবে যোগ দেওয়ার মধ্য দিয়ে চীনের চলচ্চিত্র নির্মাতা ও কুশলীরা বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কার্যকর আদানপ্রদানের পাশাপাশি চীনা চলচ্চিত্রের বিষয়ে গভীর বোঝাপড়া তৈরিতে আগ্রহী।

বাংলাদেশে চীনা চলচ্চিত্রের পাশাপাশি চীনেও বাংলাদেশের চলচ্চিত্র বিনিময়ের সুযোগ তৈরির বিষয়ে কাজ করার আশ্বাস দেন রাষ্ট্রদূত।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নির্বাহী কমিটির সদস্য মফিদুল হকের সভাপতিত্বে ‍উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।

অনুষ্ঠানে সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের উপ-প্রধান শি চুয়ান, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নির্বাহী কমিটির আরেক সদস্য ম হামিদ বক্তব্য দেন।