২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ্যায় মহিলা সমিতি মঞ্চে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ঢাকার বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’র চতুর্থ প্রদর্শনী হতে চলেছে বলে ‘ম্যাড থেটার’ জানায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 04:32 PM

Updated : 22 Jul 2023, 04:32 PM

ঢাকার মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নিয়ে আসছে নাট্যদল ‘ম্যাড থেটার’।

‘ম্যাড থেটারের’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’র চতুর্থ প্রদর্শনী হতে চলেছে।  

রবীন্দ্রনাথ ও আর্জেন্টিনার নারী ভিক্টোরিয়া ওকাম্পোকে নিয়ে লেখা এই নাটকের রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ‘ম্যাড থেটার’র প্রধান পরিচালক আসাদুল ইসলাম।

দুই চরিত্রের এই নাটকে রবীন্দ্রনাথ হয়ে মঞ্চে আসছেন আসাদুল ইসলাম এবং ভিক্টোরিয়া ওকাম্পো চরিত্রে অভিনয় করেছেন সোনিয়া হাসান।

গতমাসে ভারতের গৌহাটিতেও এই নাটকের প্রদর্শনী হয়েছে।

নাটকের প্রেক্ষাপট

১৯২৪ সালে পেরুর স্বাধীনতার শতবর্ষ উদযাপনে দেশটির সরকার আমন্ত্রণ জানায় রবীন্দ্রনাথ ঠাকুরকে। নিমন্ত্রণ গ্রহণ করে পেরু যাওয়ার পথে শ্রীলংকার কলম্বো বন্দর থেকে জাহাজে চড়ে বসেন রবি ঠাকুর। কিন্তু দীর্ঘ দুমাসের সমুদ্র যাত্রার ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ে, আক্রান্ত হন ইনফ্লুয়েঞ্জায়। অসুস্থতার কারণে তিনি দেশটিতে শেষপর্যন্ত পৌঁছাতে পারেন না। জাহাজে চেপে কোনোরকমে আর্জেন্টিনা পর্যন্ত পৌঁছে ডাক্তারের পরামর্শে সেখানেই রয়ে যান।

অসুস্থ হলে আর্জেন্টিনার ‘প্লাজা হোটেলে’ থাকেন রবীন্দ্রনাথ। অসুস্থতার দিনগুলোতে একদিন হঠাৎ তার এক পাঠিকা এসে উপস্থিত হন। পাঠিকার আমন্ত্রণে তিনি হোটেল ছেড়ে শহরের বাইরে ‘সান ইসিদ্রোতে’ এক ভাড়াবাড়িতে গিয়ে থাকতে শুরু করেন।

রিও ডেলাপ্লাটা নদী পাড়ের ওই বাড়ির নাম ছিল ‘মিরালরিও ভিলা’। সেখানে রবীন্দ্রনাথের সঙ্গে তার লেখার আরেক পাঠিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে পরিচয় হয়, ধীরে ধীরে দুজনের সখ্য গড়ে ওঠে।

ওকাম্পোর সেবা শুশ্রূষায় রবীন্দ্রনাথ ক্রমশ সুস্থ হয়ে উঠতে লাগলেন।‘মিরালরিও ভিলা’য় বিশ্বকবির যেখানে এক সপ্তাহ থাকার কথা ছিলম সেখানে তিনি থাকেন প্রায় এক মাস।

দেশে ফেরার সময় ওকাম্পো স্মৃতি হিসেবে রবীন্দ্রনাথকে উপহার দেন একটি চেয়ার, ‘মিরালরিও ভিলা’য় যে চেয়ারে বসে তিনি লেখালেখি করতেন।

ওকাম্পোর দেওয়া উপহার নিয়ে শান্তিনিকেতনে ফিরে আসেন রবীন্দ্রনাথ। ‘মিরালরিও ভিলায়’ অজানা ভাষার দেশে কাটানো দিনগুলোতে লেখা কবিতাগুলো নিয়ে পরবর্তীতে প্রকাশ করেন কাব্যগ্রন্থ পূরবী, যা রবীন্দ্রনাথ উৎসর্গ করেন ভিক্টোরিয়া ওকাম্পোকে। আর জীবনের বাকি দিনগুলোতে তিনি ওকাম্পোর দেওয়া উপহারটি আগলে রাখেন।

আর্জেন্টিনার সেই ‘সান ইসিদ্রো’ শহর, ‘মিরালরিও ভিলায়’ এবং ভিক্টোরিয়া ওকাম্পোর সান্নিধ্যের ওই সময় নিয়ে রবীন্দ্রনাথ যা লিখে গেছেন সেটি উপজীব্য করে রচিত হয়েছে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।