ওরে হতচ্ছাড়া, আমার বয়স হচ্ছে: শার্লিজ থ্রোন
“বয়স বাড়লে পুরুষ হয় দামি ওয়াইনের মতো, আর নারীদের বেলায় সেটি গাছ থেকে ছিঁড়ে নেওয়া ফুল- এটা অন্যায়।”
বৈষম্য করছে হলিউড আর এতে একেবারেই বিরক্ত অভিনেত্রী শার্লিজ থ্রোন। এই বৈষম্য চল্লিশোর্ধ নারী অভিনয়শিল্পীদের উপর সৌন্দর্যের ‘অন্যায়’ সংজ্ঞা চাপানোর।
৪৮ বছর বয়সী এই অভিনেত্রী সোজাসাপ্টাই বললেন, “বয়স বাড়লে পুরুষ হয় দামি ওয়াইনের মতো, আর নারীদের বেলায় সেটি গাছ থেকে ছিঁড়ে নেওয়া ফুল- এটা অন্যায়।”
কেবল চেহারা আর বয়স নয়, হলিউডে এসে নিজের নাম নিয়েও বিপাকে পড়েছিলেন তিনি। নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় তার নামের উচ্চারণ থ্রোন। সেটিই হলিউডে এসে হয়েছে থেরন।
অ্যালিউর ম্যাগাজিনকে থ্রোন বলেন, “আমার কথা হল, নারী যেভাবে তার বয়স বাড়ানোকে সঠিক মনে করবে, সেভাবেই বাড়াবে, বয়সী হবে।
“যার যার জীবনে যে যেভাবে বয়সকে গ্রহণ করেন, সেটার প্রতি আমাদের মনে হয় আরেকটু সহানুভূতিশীল হওয়া দরকার।”
সঙ্গে সঙ্গেই নিজেকে নিয়ে রসিকতা করলেন এক সময় ‘হলিউডের সবচেয়ে সুন্দর চেহারার নারী’ বলে অনেকের কাছেই বিবেচিত শার্লিজ; বলেন, “আমার চেহারা এখন বিলবোর্ডে দেখতে উদ্ভটই লাগে।”
নিজের বয়স নিয়ে তার বোঝাপড়া হচ্ছে, “চেহারা বদলে যাচ্ছে, মুখে পরিবর্তন আসছে, বয়স হচ্ছে, এবং এটাই স্বাভাবিক।”
১৯৯০-এর দশকে উঠতি তারকা হিসেবে নজর কাড়া থ্রোন ২০০৩ সালে মনস্টার সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার জেতেন। ওই সিনেমায় তিনি সিরিয়াল কিলার আইলিন উওর্নোসের চরিত্রে অভিনয় করেছিলেন।
তার অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে - দ্য ইতালিয়ান জব, ম্যাড ম্যাক্স: ফিউরি রোড, স্নো হোয়াইট অ্যান্ড হান্টসম্যান, ইয়াং অ্যাডাল্ট, টালি এবং অ্যাটমিক ব্লন্ড। আর সামনে তাকে দেখা যাবে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমার সর্বশেষ পর্বে।
মডেলিংয়েও ব্যাপকভাবে কাজ করা থ্রোন একসময় ডিওর ব্র্যান্ডের পরিচিত মুখ ছিলেন।
“মানুষ মনে করে আমার ফেস-লিফট (মুখের প্লাস্টিক সার্জারি) করা হয়েছিল। এখন আমাকে প্রশ্নের মুখে পড়তে হয়, আমার মুখের কী হয়েছে? আমার বলতে ইচ্ছে করে, ওরে হতচ্ছাড়া, এর মানে এই না যে আমি প্লাস্টিক সার্জারি করিয়েছিলাম। আমার বয়স হচ্ছে! আর কিছু না।”
বয়স ৪০ পেরোনোর পর ওজন কমানো যে কতটা কঠিন তারও ফিরিস্তি দিলেন তিনি। মনস্টার সিনেমার জন্য ওজন বাড়ানোর পর ফের কমিয়েছিলেন ৪০ পাউন্ড।
“কোনো সমস্যাই হয়নি। দিনে তিন বেলা খাওয়ায় রাশ টেনেছি, ব্যাস ওজন আবার আগের জায়গায় ফিরে এসেছে।”
অথচ ওই একই শরীর থেকে ২০১৮ সালের টালি সিনেমার পর ওজন কমানো ছিল বিরাট চ্যালেঞ্জ।
“আমার মনে আছে, বছরখানেক ধরে ওজন কমানোর চেষ্টা করছি। এক পর্যায়ে আমি আমার ডাক্তারকে ফোন করে বললাম - শোনো, আমি ঠিক মারা যাব। ওজন কমে না কেন?” ডাক্তার বললেন, - “তোমার বয়স চল্লিশের বেশি। শান্ত হও। তোমার শরীর এখন আর আগের নিয়মে কাজ করছে না।”
“আর কোনোদিন আমি সিনেমার চরিত্রের জন্য ওজন বাড়াবো না। এই বয়সে ওজন বাড়লে আর কখনোই কমবে না,” বলেন এই অভিনেত্রী।
