পরীমনির সঙ্গে নিজের যে মিল পাচ্ছেন তসলিমা নাসরিন
চিত্রনায়িকার জীবনের সঙ্গে নিজের সরলতার মিল পাওয়ার কথা বললেন এই লেখক।
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে চিত্রনায়িকা পরীমনির ফেইসবুক পোস্ট দেখে প্রতিক্রিয়া জানালেন লেখক তসলিমা নাসরিন।
পরীমনির জীবনের সঙ্গে নিজের জীবনের ও সরলতার মিল খুঁজে পাওয়ার কথা জানালেন তিনি।
শুক্রবার রাতে রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে পরীমনি ব্যক্তিগত ফেইসবুক আইডিতে লেখেন, “আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।”
এরপর নিজের ফেইসবুক আইডিতে তসলিমা লেখেন, “পরীমনির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে...।”
এটাকে ‘চক্র’ উল্লেখ করে এই লেখক লেখেন, “সৎ, সরল, এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।”
এরপর লেখেন, “পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে।”
এ অবস্থা থেকে উত্তরণের উপায় নিজেকে ভালোবাসা, এমনটা উল্লেখ করে লেখেন, “নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না।”
পোস্টের শেষে লেখেন, “জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!”
পোস্টে এক ভক্তের কমেন্টের জবাবে তসলিমা নাসরিন লেখেন, “মিল তো অনেক রকম হতে পারে, আপনার সঙ্গে আদর্শের মিল, তার সঙ্গে স্ট্রাগলের মিল। পরীমনির সঙ্গে যে মিলের কথা বলেছি, সেটি সরলতার মিল, মানুষকে সহজে বিশ্বাস করার মিল।”
